মার্চে ফিরছে কপিল শর্মা
নতুন রূপে নতুন আঙ্গিকে ছোটোপর্দায় ফিরছেন কপিল শর্মা । প্রোমোর শ্যুটিংও শেষ । আগামী মার্চেই দেখা যাবে তার অনুষ্ঠান ।
‘দ্য কপিল শর্মা শো’ অনুষ্ঠানের মধ্য দিয়ে খ্যাতির মধ্যগগনে পৌঁছেছিলেন কপিল। ছোটোপর্দার এই কমেডি শো’তে হাজির হতে দেখা গেছে বলিউডের তাবড় তাবড় অভিনেতা অভিনেত্রীদের ।
সহকর্মী সুনীল গ্রোভারের সঙ্গে দুর্ব্যবহার, কপিলের শারীরিক অবস্থার অবনতি এবং ‘ফিরাঙ্গি’ ছবির প্রধান চরিত্রে অভিনয়ের কারণে অনিয়মিত শ্যুটিং সেটে তার উপস্থিতি, সব মিলিয়ে নানা বিতর্কের কারণে বন্ধ হয়ে গিয়েছিল এই জনপ্রিয় অনুষ্ঠান ।
ইন্ডিয়ান এক্সপ্রেস সূত্রে খবর, সোমবার কপিল শর্মা এবং সনি টিভি’র একটি বৈঠক হয়েছে । সম্ভবত মার্চ মাসেই কপিল ফিরে আসছেন তার শো নিয়ে । এই ফিরে আসার ঘোষণার শ্যুটিংও করে ফেলেছেন তিনি ।
তবে তার এই শো’তে থাকবেন না সুনীল । সূত্রটি জানায়, কপিল ও তার সহকর্মীরা কঠিন পরিশ্রম করছেন নতুন অঙ্গিকের এই অনুষ্ঠানকে আগের চেয়েও বেশি জনপ্রিয় করে তোলার জন্য ।
সনি টিভির বিপণন বিভাগের প্রধান ড্যানিস খান বলেছেন, “আমাদের চ্যানেলের সফল একটি অনুষ্ঠান ছিল কপিলের শো । একজন শিল্পী হিসেবে কপিলের জন্য আমরা গর্ববোধ করি ।
দীর্ঘ দেড়বছর ধরে সে অবিরত শ্যুটিং করে গেছে । তার কিছু তো ওঠাপড়া থাকবেই । ব্যক্তি কপিলকে নিয়ে আমরা কিছু বলতে চাই না ।
সে ভালো একটি অনুষ্ঠান করে দীর্ঘসময় আমাদের দর্শককে হাসিয়েছে, এর জন্য সত্যিই আমরা খুশি ।”
