২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘লাক্স সুপার স্টার’-এর অডিশন রাউন্ড শুরু

শুরু হল ‘চ্যানেল আই প্রেজেন্টস লাক্স সুপার স্টার’ প্রতিযোগিতার নবম আসরের অডিশন রাউন্ড।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Feb 2018, 05:46 PM

Updated : 11 Oct 2022, 12:05 PM

সোমবার ঢাকার গুলশানের একটি কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত অডিশন রাউন্ডের মাধ্যমেই যাত্রা শুরু করলো এবারের প্রতিযোগিতার মূল কার্যক্রম। 

দেশের বিভিন্ন প্রান্তের ১২ হাজার অংশগ্রহণকারীদের মধ্য থেকে সংক্ষিপ্ত তালিকায় স্থান পাওয়া ২৫০ জন প্রতিযোগী নিয়ে শুরু হয় এ অডিশন রাউন্ড।

২৫০ জন প্রতিযোগীকে ৩টি বিচারক প্যানেলের মুখোমুখি হতে হয়। অডিশন রাউন্ডের বিচারক প্যানেলে ছিলেন অপর্ণা, শানু, স্বর্ণা, সাহেদ আলী, আলিফ ও শাফায়েত মনসুর রানা।

২৫০ জন প্রতিযোগীর মধ্যে নির্বাচিত ৬০ জন প্রতিযোগী মঙ্গলবার প্রধান বিচারকদের মুখোমুখি হবেন। প্রধান বিচারকদের প্যানেলে নির্বাচিতদের নিয়ে শুরু হবে বুট ক্যাম্প।

‘লাক্স সুপার স্টার’-এর এবারের আয়োজনে প্রধান বিচারকের আসনে উপস্থিত থাকবেন আরিফিন শুভ, সাদিয়া ইসলাম মৌ ও তাহসান খান।

ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড-এর আয়োজনে ‘লাক্স সুপার স্টার’-এর এবারের থিম ‘দেখিয়ে দাও অদেখা তোমায়’।