২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সন্ধ্যায় গায়ে হলুদ, তৌসিফের বিয়ে শুক্রবার

প্রেমিকা জান্নাতুল ফেরদৌসের সঙ্গে শুক্রবার বিয়ের পিঁড়িতে বসছেন ছোটপর্দার তরুণ অভিনয়শিল্পী তৌসিফ মাহবুব। মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর ধানমন্ডির একটি পার্টি সেন্টারে আয়োজন করা হয়েছে গায়ে হলুদ অনুষ্ঠানের।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Feb 2018, 05:37 PM

Updated : 08 Apr 2022, 05:52 PM

আগামী সোমবার হবে বৌভাত অনুষ্ঠান। পাত্রী জান্নাতুল ফেরদৌসের বাসা রাজধানীর মিরপুরে। রাজধানীর একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে বিবিএ-এর শিক্ষার্থী তিনি।

তৌসিফ বলেন, “বেশ আগে থেকেই দু’জনের পরিচয় থাকলেও পারিবারিকভাবেই বিয়ে হচ্ছে আমাদের। সবার কাছে দোয়া চাইছি।”

গতবছরের ২৯ নভেম্বর ফেইসবুক পোস্টে ৯ ফেব্রুয়ারি বিয়ের ঘোষণা দিয়েছিলেন তৌসিফ। দু’জনের ছবি পোস্ট করে লিখেছিলেন, “আনুষ্ঠানিকভাবে নিজে বলছি, এবার বিয়ের সানাই বাজবে। ২০১৮ সালের ভাষা ও ভালোবাসার মাসে বিয়ে করব। দোয়া করবেন।”

শোবিজে তৌসিফের যাত্রা ২০১০ সালে। ২০১৩ সালের ভালোবাসা দিবসের নাটক ‘অল টাইম দৌড়ের উপর’-এ অভিনয় করে আলোচনায় উঠে আসেন তিনি।

এরপর ‘ল্যান্ড ফোনের দিনগুলোতে প্রেম’, ‘রোড ট্র্যাপ’, ‘রুমডেট’, ‘রাব্বু ভাইয়ের বউ’, ‘নাইন অ্যান্ড আ হাফ’-এর মতো জনপ্রিয় নাটকে অভিনয় করেছেন তিনি।