২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এটিএন বাংলায় ‘সুখের ভিতরে অসুখ’

সোমবার থেকে এটিএন বাংলায় প্রচার হবে তারকাবহুল ধারাবাহিক নাটক ‘সুখের ভেতরে অসুখ’। নাটকটি যৌথভাবে রচনা করেছেন সাগর জাহান ও মামুন-অর রশিদ। পরিচালনা করেছেন আল-হাজেন।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Feb 2018, 07:11 PM

Updated : 08 Apr 2022, 05:51 PM

সিডনি এয়ারপোর্টের গণ্ডি পেরোতেই মাহিন বুঝে ফেলে তার স্বপ্নপুরণ খুব কঠিন হবে। যে কোম্পানীতে চাকরি করতে সে এসেছে সেই কোম্পানীর একজন তাকে রিসিভ করার কথা থাকলেও তিনি আসেননি, তার ফোনও বন্ধ। চোখে-মুখে অন্ধকার দেখছে মাহিন।

হঠাৎ মনে পড়ে তার এক বড়ভাই রকিব সিডনিতে থাকে। তাকে ফোন দিয়ে তার বাসায় মাহিন আশ্রয় পায়। নাটকের শুরুটা এখান থেকেই।

রকিবের বোন নেহা, বেশ চুপচাপ। সম্প্রতি তার বিয়ে ভেঙে যাওয়ার কারণে মন খুব খারাপ থাকে। বিয়ে ভাঙার কারণ, নেহার বাবার দ্বিতীয় স্ত্রী আছে। সেই ঘরে একটি কন্যাও রয়েছে। তারা বাংলাদেশে থাকে।

বাবার দ্বিতীয় বিয়ের পর থেকে নেহা বড় ভাইয়ের কাছে থাকে। রকিব বাবার ব্যাপারটা মেনে নিলেও নেহা মানতে পারেনি। একদিন সেই সৎ বোনও অস্ট্রেলিয়ায় আসে।

এমন গল্পেই নির্মিত হয়েছে নাটকটি। ধারাবাহিকটি সপ্তাহের রোববার থেকে মঙ্গলবার রাত ১১টায় প্রচার হবে।

এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন-মাহফুজ আহমেদ, চঞ্চল চৌধুরী, আনিসুর রহমান মিলন, ফজলুর রহমান বাবু, লুৎফুর রহমান জর্জ, ডা. এজাজ, আরফান আহমেদ, মুনমুন, তাহমিনা সুলতানা মৌ, রোমানা, স্বাগতা, আলভী, শবনম ফারিয়া, নাজিরা আহমেদ মৌ, চিত্রালেখা গুহ, রুনা খান, সাজু খাদেম, নিলয় প্রমুখ।