সেন্সরবোর্ড থেকে মুক্তি চান ‘হৃদয়ে রংধনু’ নির্মাতা
সেন্সর সার্টিফিকেট পেতে দীর্ঘসূত্রিতায় আটকা পড়েছে রাজিবুল হাসান নির্মিত দেশের প্রথম পর্যটনভিত্তিক চলচ্চিত্র হৃদয়ে রংধনু। এ অবস্থা থেকে মুক্তি চান চলচ্চিত্রটির নির্মাতা রাজিবুল হাসান।
নিজের নির্মিত প্রথম চলচ্চিত্র ‘হৃদয়ে রংধনু’র সেন্সর সার্টিফিকেট পেতে প্রায় দুই বছর ধরে সেন্সরবোর্ডে ধর্না দিচ্ছেন নির্মাতা রাজিবুল হাসান। নানা পর্বে ছবিটি সেন্সরবোর্ডের দুয়ার হতে ফিরে এলেও এখন পর্যন্ত কোন সুরাহা হয়নি। সর্বশেষ চলচ্চিত্রটি প্রসঙ্গে পর্যটন কর্পোরেশনের মতামত চেয়ে চিঠি পাঠানো হয় সেন্সর বোর্ডের পক্ষ থেকে। চলচ্চিত্রটিকে ছাড়পত্র দিতে পর্যটন কর্পোরেশনের সুপারিশ এলেও সেন্সরবোর্ড কর্তৃপক্ষ থেকে কোন ইতিবাচক সাড়া পাচ্ছেন না বলে অভিযোগ করেছেন নির্মাতা রাজিব।
গত ১ ফেব্রুয়ারি চলচ্চিত্রটির সর্বশেষ অবস্থান জানতে সেন্সরবোর্ডের ভাইস চেয়ারম্যান মো. আজিজুর রহমানের কাছে হাজির হন নির্মাতা। চলচ্চিত্রটি মুক্তি দিতে ৬পৃষ্ঠার একটি চিঠিও জমা দেন তিনি। নির্মাতার দাবি, সেন্সরবোর্ড কর্তৃপক্ষ চলচ্চিত্রটির ব্যাপারে তাদের চূড়ান্ত সিদ্ধান্ত দিক।
শুটিং লোকেশনে নির্মাতা ও অভিনয়শিল্পীরা
এদিকে, নির্মাতা রাজিবুল হাসান বলেন, “একটি চলচ্চিত্র সেন্সরবোর্ডে প্রায় দুই বছর আটকে আছে। আমি একটি সিদ্ধান্ত চাই। যদি তারা ছাড়পত্র না দেন আমাকে জানিয়ে দিক। আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল, আমি আদালতে যাবো।”
২০১৬ সালের ২৮ নভেম্বর সেন্সর বোর্ডের সদস্যরা ছবিটি দেখেন। এর ৯ মাস পর এ বছরের ২৯ অগাস্ট ছবিটিতে আটটি জায়গায় সংশোধনী দিয়ে প্রযোজক ও পরিচালক বরাবর চিঠি দেয় সেন্সর বোর্ড।
তার বিপরীতে ৮ সেপ্টেম্বর পুনরায় ছবিটি সেন্সরবোর্ডে জমা দেন নির্মাতা। এরপর ১০ অক্টোবর ছবিটির আবার প্রিভিউ হয়। এ সভায় পর্যটন কর্পোরেশনের মতামত চাওয়া হয়। যার প্রেক্ষিতে চলতি বছর ১০ জানুয়ারী চলচ্চিত্রটিকে ছাড়পত্র দিতে সুপারিশ জানায় পর্যটন কর্পোরেশন।
দেশের ৫৪টি জেলার বিভিন্ন পর্যটন লোকেশনে চিত্রায়িত হয়েছে ‘হৃদয়ের রংধনু’ চলচ্চিত্রটি। ছবিটির মূল চরিত্রে অভিনয় করেছেন শামস হাসান, মুহতাসিম স্বজন, খিং সাই মং মারমা ও একমাত্র নারী, সার্বিয়ার নাগরিক মিনা পেতকোভিচ।
