ভাষা দিবসের গান ‘ভাষা তোমার জন্যে’
একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রকাশিত হতে যাচ্ছে নতুন গান ‘ভাষা তোমার জন্য’।
অনুরূপ আইচের কথায় ‘ভাষা তোমার জন্যে’ শিরোনামে নতুন গানে কণ্ঠ দিলেন কণ্ঠশিল্পী খন্দকার বাপ্পী। ইশরাক হোসেনের সুর ও সঙ্গীত পরিচালনায় গানটি ভিডিও আকারে প্রকাশ পাচ্ছে শিগগিরই।
শুধু কথাই নয় গানটির পরিকল্পক অনুরূপ আইচ। ভিডিওটিও নির্মাণ করেছেন তিনি।
গানটি প্রসঙ্গে অনুরূপ আইচ বলেন, “আমাদের মহান মুক্তিযুদ্ধ বা বাংলাদেশ নিয়ে অনেক গান হলেও মহান একুশে ফেব্রুয়ারি বা ভাষা দিবস নিয়ে গানের সংখ্যা খুব কম। এর আগে আমিও একুশে ফেব্রুয়ারি নিয়ে গান লিখিনি। তাই আমি পরিকল্পনা করেই এই গানটি তৈরি করেছি এক বছর ধরে।”
গানের ভিডিওর একটি বড় অংশ চিত্রায়িত হয়েছে গতবছর মহান ২১শে ফেব্রুয়ারিতে। দিনব্যাপী জাতীয় শহীদ মিনার ও তার নিকটবর্তী স্থানগুলোতে ফুটেজ সংগ্রহ করা হয়।
অনুরূপ আইচের ভাষ্যে, “বলতে গেলে, আমার এক বছরের লালিত স্বপ্ন ও কাজের ফসল এই মাসে দর্শকেরা দেখতে পাবেন ‘ভাষা তোমার জন্য’ গানের মাধ্যমে।”
এদিকে, আসছে ভালোবাসা দিবসে অনুরূপ আইচের কথায় দু’টি গান প্রকাশিত হতে যাচ্ছে। এর মধ্যে সূফী গায়ক শাহরিয়ার রাফাতের কন্ঠে ‘মেঘমালা’ শিরোনামের গানটি প্রকাশ পাবে সিডি ভিশনের ব্যানারে।
এই গানে কন্ঠ দেয়ার পাশাপাশি সুর ও সংগীত পরিচালনা করেছেন শাহরিয়ার রাফাত।
অন্যদিকে, রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমারের আলোচিত সমালোচিত নেত্রী অং সান সুচিকে ব্যঙ্গ করে ‘গাধাদের একটি দেশে’ শিরোনামের গান লিখেছেন অনুরূপ আইচ।
আমিরুল মোমেনিন মানিকের কণ্ঠে এই গানের সংগীত পরিচালনা করেছেন তানভীর তারেক।
এছাড়াও চলতি মাসেই তার লেখা ‘সোনাবউ’ শিরোনামের আরেকটি গান প্রকাশ করবে ধ্রুব মিউজিক স্টেশন।
