নিশো-অর্ষার ‘আকাশ বদল’
শুক্রবার সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে মাছরাঙা টেলিভিশনে প্রচার হবে আফরান নিশো ও অর্ষা অভিনীত নাটক ‘আকাশ বদল’।
ভিন্নধর্মী চলচ্চিত্র নির্মাতা হিসেবে নিশোর চারদিকে সুনাম ছড়িয়ে যায়। একটি সিনেমাই তার ক্যারিয়ারের মোড় ঘুরিয়ে দেয়। তাই তো পত্র-পত্রিকা থেকে শুরু করে বিভিন্ন মিডিয়ায় তাকে নিয়ে হৈ চৈ শুরু হয়।
কিন্তু বাইরে তার ক্যারিয়ারের এতো উৎসব চললেও ঘরে তার শান্তি নেই। স্ত্রী রাইসা (অর্ষা) মিডিয়ায় কাজ করা নিয়ে বেশ ঝামেলা করতে থাকে। স্ত্রী রাইসা চায় নিশো যেনো মিডিয়ার কাজ ছেড়ে দেয়। এ নিয়ে দুজনের মধ্যে বনিবনা হয় না।
এমন সময় নিশোর সাথে পরিচয় হয় উঠতি মডেল-অভিনেত্রী রুহীর। নিশোর পর পর তিনটি ছবির নায়িকা হয়ে যায় রুহী। এ নিয়ে স্ত্রীর সাথে ভালোই ঝামেলা তৈরি হয়। বাসা থেকে অর্ষা চলে যায়। এরপর ঘটতে থাকে আরো অনেক ঘটনা।
সৈয়দ ইকবালের রচনায় এমনই গল্পে নির্মিত হয়েছে নাটক ‘আকাশ বদল’। এটি নির্মাণ করেছেন নাজমুল রনি। নাটকটিতে অনিক চৌধুরী চরিত্রে আফরান নিশো আর রায়না চৌধুরী চরিত্রে অভিনয় করেছেন নৃত্যশিল্পী-মডেল নুসরাত জান্নাত রুহী। অন্যদিকে নিশোর স্ত্রী চরিত্রে অভিনয় করেছেন অর্ষা।
নিশো বলেন, “নাটকটির গল্পে অনেকগুলো বাঁক আছে, দর্শক যেটা দেখে খুব মজা পাবেন। আর গল্পের শেষে অন্যরকম একটা ঘটনায় দর্শক আরো মজা পাবেন।”
রুহী বলেন, “আমি নাচের শিল্পী হলেও নাটকে অভিনয় এবং মডেলিং নিয়মিত করছি। এখানে আমার চরিত্রটি একজন মডেল এবং উঠতি অভিনেত্রীর, তাই অভিনয় করে আলাদা একটা মজা কাজ করেছে।
গল্পটা সত্যিই অন্যরকম। আমাদের সমাজে মানুষ একে অন্যের সফলতা সহ্য করতে পারে না এবং তাকে যেকোনো বিনিময়ে পেছনে টেনে ধরতে চায়- তেমন একটি বাস্তব গল্পই নাটকটিতে তুলে ধরা হয়েছে।”
