শুরু হলো দু’দিনব্যাপী বাংলা খেয়াল উৎসব ’১৮
চ্যানেল আই এর আয়োজনে ৩১ জানুয়ারি চতুর্থবারের মতো শুরু হলো ‘বাংলা খেয়াল উৎসব’১৮।
শুরু হলো দু’দিনব্যাপী বাংলা খেয়াল উৎসব ’১৮। বুধবার বিকেল ৫টা ৩০ মিনিটে উৎসবের উদ্বোধনী পর্বে উপস্থিত ছিলেন চ্যানেল আই এর পরিচালক ও বার্তাপ্রধান শাইখ সিরাজ, সঙ্গীতজ্ঞ ও সংস্কৃতি কেন্দ্রের চেয়ারম্যান আজাদ রহমান ও সংস্কৃতি কেন্দ্রের সাধারণ সম্পাদক সেলিনা আজাদ।
উৎসব উদ্বোধন পর্বে জানানো হয়, আগামীতে সারাদেশ থেকে আগত শিল্পীদের অংশগ্রহণে ‘বাংলা খেয়াল উৎসব’ অনুষ্ঠিত হবে। এ সময় উপস্থিত ছিলেন নবীন ও শিশুশিল্পীরা।
বুধবার উৎসবে সিনিয়র শিল্পীদের মধ্যে অংশ নেবেন করিম শাহাবুদ্দিন, অসিত রায়, ড. নাশিদ কামাল, ড. হারুনুর রশিদ, ড. পদ্মিনী দে প্রমুখ।
১ ফেব্রুয়ারি বসবে উৎসবের দ্বিতীয় দিনের আসর। এবারের উৎসবে অংশ নেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগসহ দেশের ৩৪টি সংগীত প্রতিষ্ঠান এবং ১৫০জন শিল্পী। এছাড়াও এবারের উৎসবের বিশেষ আকর্ষণ থাকবে দুইশ’ নবীনশিল্পীর অংশগ্রহণ।
উৎসবটি উপস্থাপনা করছেন মৌসুমী বড়ুয়া ও পরিচালনা করছেন অনন্যা রুমা। চ্যানেল আই প্রাঙ্গন থেকে উৎসবটি সরাসরি সম্প্রচার করা হচ্ছে।
