২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যৌন হয়রানির অভিযোগ জিনাত আমানের, অভিযুক্ত পলাতক

সোমবার মুম্বাইয়ের জুহু থানায় অমর খান্না নামে ওই ব্যবসায়ীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন তিনি।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jan 2018, 09:11 PM

Updated : 19 Aug 2022, 01:30 PM

অভিযুক্ত ব্যবসায়ী জিনাতের পূর্বপরিচিত । দুজনের মধ্যে ভাল যোগাযোগ ছিল। কিন্তু কয়েকমাস আগে কোনও কারণে সে সম্পর্কের অবনতি হয় ।

এনডিটিভি সূত্রে খবর, সম্পর্কের অবনতির পর থেকেই ঐ ব্যবসায়ী জিনাতকে উত্যক্ত করতে শুরু করে । বর্ষীয়ান অভিনেত্রীকে ক্রমাগত ফোন করা, অশ্লীল মেসেজ পাঠানো, এমনকী ভিডিও ক্লিপ পাঠিয়েও হয়রানি করেছেন।

অমরের সঙ্গে কথা বলা বন্ধ করার পর জিনাত যেখানেই যান, তার পিছু নিতে থাকে এই ব্যবসায়ী । বিষয়টি সহ্যের বাইরে চলে যাওয়ায় পুলিশের দ্বারস্থ হয়ে ব্যবসায়ীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন তিনি।

ভারতীয় দণ্ডবিধির ৩০৪ ডি ধারা ও ৫০৯ ধারায় মহিলাকে উত্যক্ত করা ও তার সম্মানহানি করার মামলা করা হয়েছে অমর খান্নার বিরুদ্ধে। পুলিস ঘটনার তদন্ত শুরু করেছে। অভিযুক্ত এখন পলাতক।

 

বলিউডের সত্তর দশকের এই জনপ্রিয় অভিনেত্রী ‘হরে রাম হরে কৃষ্ণ’, ‘ইয়াদো কি বরাত’,‘সত্যম শিবম সুন্দরম’,‘কুরবানি’,‘ডন’,‘লাওয়ারিশ’ নামে অসংখ্য জনপ্রিয় সিনেমায় অভিনয় করেছেন ।

অভিনয়ের পাশাপাশি তার সৌন্দর্যেরও কদর ছিল বলিউডে। অমিতাভ বচ্চন, ধর্মেন্দ্র, শশী কাপুরসহ বলিউডের বিখ্যাত সব অভিনেতার সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন ।

অভিনয় থেকে অবসর নিয়ে দুই ছেলের সঙ্গে এখন মুম্বাইয়ে থাকেন। অভিযুক্তের কড়া শাস্তি দাবি করেছেন বর্ষীয়ান এই অভিনেত্রী।