এলভিনের ‘মায়া লাগে’
আত্মপ্রকাশ করলেন তরুণ সংগীতশিল্পী এলভিন। ২৯ জানুয়ারি রাতে গানচিল মিউজিকের ইউটিউব চ্যানেলে প্রকাশ পেয়েছে এ শিল্পীর প্রথম গান ‘মায়া লাগে’র ভিডিও।
‘মায়া লাগে’ শিরোনামের গান দিয়ে গানচিলের ব্যানারে আত্মপ্রকাশ করলেন সংগীতশিল্পী এলভিন। গানটির কথা লিখেছেন সুদীপ্ত দাশ শুভ।
কণ্ঠ দেওয়ার পাশাপাশি সুরও করেছেন এলভিন। সংগীতায়োজনে এলভিন ও অনিক আহমেদ।
ভিডিও বানিয়েছেন লোটাস মজুমদার। সম্প্রতি তিন দিন ধরে ভিডিওটির শ্যুটিং হয়েছে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিতে।
এলভিনের পাশাপাশি গানটিতে মডেল হয়েছেন সালহা নাদিয়া, আফিয়া এবং তামুর।
এলভিনের গান শুনে উচ্ছ্বসিত প্রশংসা করেছেন সংগীতশিল্পী হাবিব। এলভিন জানান, মূলতঃ হাবিবের অনুপ্রেরণাতেই সংগীতে মনোনিবেশ করেন তিনি।
গানটি প্রসঙ্গে এলভিন বলেন, “সবকিছু স্বপ্নের মতো লাগছে! ১০ বছর আগে হাবিব ভাইয়ের সঙ্গে দেখা করার পরই গান করার উৎসাহ পেয়েছি।
১০ বছর পর আমার প্রথম গানটি শুনে তিনি অনেক প্রশংসা করেছেন। এটা আমার জন্য অনেক বড় প্রাপ্তি। আমার গানের নিজস্ব একটা স্টাইল আছে। সেভাবেই কাজ করি। আমার বিশ্বাস এই গানটি সবার ভালো লাগবে।”
কুমিল্লার ছেলে এলভিন ‘ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ’-এ (ইউল্যাব) ‘মিডিয়া স্টাডিস এবং জার্নালিজম’ নিয়ে পড়ছেন।
২০১৫-২০১৬ সালে স্কলারশিপ নিয়ে ‘বেঙ্গল পরম্পরা বিদ্যালয়’-এ পণ্ডিত উলহাস কুশলকরের কাছে টানা দুই বছর খেয়াল শিখেছেন এলভিন।
২০১৬ সালে ‘বেঙ্গল উচ্চাঙ্গসংগীত উৎসব’-এ ওস্তাদ রশীদ খান এবং পণ্ডিত ড. এল সুব্রামানিয়ামের সঙ্গে তানপুরায় সঙ্গত করেছেন।
