দোদুলের চলচ্চিত্রে চঞ্চল
নাট্য নির্মাতা গোলাম সোহরাব দোদুলের নতুন একটি চলচ্চিত্রে চুক্তিবদ্ধ হয়েছেন জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী। তার বিপরীতে কলকাতার অভিনত্রী নুসরাতকে দেখা যেতে পারে।
রোববার সন্ধ্যায় নির্মাতা গোলাম সোহরাব দোদুল গ্লিটজকে বলেন, “সিনেমার প্রধান চরিত্রে চঞ্চলকে ফাইনাল করা হয়েছে ইতিমধ্যে। চরিত্রের জন্য তিনি নিজেকে প্রস্তুত করেছেন। আরও কয়েকজনের সঙ্গে কথাবার্তা চলছে।”
চঞ্চলের বিপরীতে নুসরাতের অভিনয়ের কথা শোনা গেছে। বিষয়টি নিয়ে এ নির্মাতা জানালেন, কলকাতায় গিয়ে নুসরাতের সঙ্গে কথা বলেছেন তিনি। বাইরের শিল্পী দেশে কাজ করতে চাইলে বেশকিছু নিয়মতান্ত্রিকভাবে চুক্তি করতে হয়। সবকিছু নিশ্চিত করেই নুসরাতের সঙ্গে চু্ক্তি করতে চান।
চলচ্চিত্রের গল্প নিয়ে দোদুল বলেন, “গল্প বাইরের না, একদম বাংলাদেশের। আমাদের দেশের মানুষের ক্রাইসিস নিয়েই গল্প। গল্পের ভেতর একটা থ্রিল আছে, প্রেম আছে, পলিটিক্স আছে।”
ইতিমধ্যে চিত্রনাট্যের কাজও প্রায় শেষের পথে। গল্প নির্মাতার নিজের। চিত্রনাট্যকার পান্থ শাহরিয়ারের সঙ্গে যৌথভাবে স্ক্রিপ্টও লিখেছেন নির্মাতা দোদুল, সংলাপ পান্থ শাহরিয়ারের। এবারই প্রথমবার যৌথভাবে বড়পর্দায় যাত্রা করছেন ছোটপর্দার দুই চিত্রনাট্যকার-নির্মাতা।
চিত্রনাট্য শেষ হলেও এখনও নাম ঘোষণা করতে নারাজ নির্মাতা। কারণটা রাজনৈতিক। নির্মাতার ভাষ্যে, “এটি একটি রাজনৈতিক প্রেমের গল্প। এ জন্যই এখনই নামটা বলতে চাচ্ছি না।”
চঞ্চল-নুসরাতের বাইরেও দেশের একাধিক তারকা অভিনয়শিল্পীরা থাকবেন সিনেমায়। ইতিমধ্যে বেশ কয়েকজনের সঙ্গে কথাও হয়েছে বলে জানান নির্মাতা। তবে কাউকেই চূড়ান্ত করা হয়নি।
সবকিছু গুছিয়ে চলতি মাসের শেষ দিকেই আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিয়ে শুরু করবেন শ্যুটিং।
চঞ্চল অভিনীত ‘দেবী’ নামে আরেকটি চলচ্চিত্র মুক্তির অপেক্ষায় আছে। ২০১৬ সালের ব্যবসাসফল চলচ্চিত্র ‘আয়নাবাজি’র প্রধান চরিত্রে অভিনয় করে আলোচনায় উঠে আসেন তিনি।
