যশ চোপড়া স্মৃতি পুরস্কার পাচ্ছেন আশা ভোঁসলে
হিন্দি চলচ্চিত্রে বিশেষ অবদানের জন্য এবছর এই পুরস্কার পাচ্ছেন কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোঁসলে । আগামী ১৬ফেব্রুয়ারি শিল্পীর হাতে পুরস্কার তুলে দেওয়া হবে।
গত বছর হিন্দি চলচ্চিত্রের সংগীতে বিশেষ অবদানের জন্য এই পুরস্কার পেয়েছিলেন লতা মুঙ্গেশকর । এর আগে চলচ্চিত্রে বিশেষ অবদানের জন্য এই সম্মানে সম্মানিত করা হয় অমিতাভ বচ্চন, রেখা এবং শাহরুখ খানকে।
ইন্ডিয়ান এক্সপ্রেস সূত্রে খবর, শনিবার পঞ্চমবর্ষ ‘যশ চোপড়া স্মৃতি পুরস্কার’ প্রাপক হিসেবে সংগীতশিল্পী আশা ভোঁসলের নাম ঘোষণা করেছে জুরিবোর্ড ।
সাত দশক ধরে ২০টি ভিন্ন ভাষায় ১১ হাজারেরও বেশি গান গেয়ে সংগীতের এই কিংবদন্তি শিল্পী গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডে স্থান পেয়েছেন ।
এবছর পুরস্কারের জুরিবোর্ডে ছিলেন যশ চোপড়ার স্ত্রী পামেলা, পরিচালক বনি কাপুর, নির্মাতা মধুর ভাণ্ডারকর, সংগীতশিল্পী অলকা ইয়াগনিক, অভিনেত্রী পদ্মিনী কোলাপুরি, চিত্রনাট্যকার হনি ইরানি, অনু এবং শশী রঞ্জন।
জুরিবোর্ডের অন্যতম সদস্য, সংগীতশিল্পী অলকা ইয়াগনিক বলেন,“এটি খুবই মর্যাদাপূর্ণ একটি পুরস্কার । আমাদের চলচ্চিত্রশিল্পের যারা স্তম্ভস্বরূপ, তাদেরকেই এই পুরস্কার দেওয়া হয় ।
চলচ্চিত্রে বিশেষ অবদানের জন্য পঞ্চমবর্ষের পুরস্কার আশাজী’কে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে জুরিবোর্ড ।”
২০১২ সালে মারা যান ভারতীয় চলচ্চিত্র নির্মাতা যশ চোপড়া । তার স্মৃতিতে পুরস্কার দেওয়া শুরু করেন টি সুব্বারামি রেড্ডির টিএসআর ফাউন্ডেশন । প্রাপককে পুরস্কার মূল্য হিসেবে ১০ লক্ষ রুপি দেওয়া হয়।
আগামী ১৬ফেব্রুয়ারি আশা ভোঁসলের হাতে এই পুরস্কার তুলে দেওয়া হবে ।
