২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘রবীন্দ্রগুণী সম্মাননা’ পেলেন তিন রবীন্দ্রসাধক

রবীন্দ্রচর্চায় বিশেষ অবদান রাখায় তিন গুণীজনকে এবার ‘রবীন্দ্রগুণী সম্মাননা’ জানালো ‘খামখেয়ালী সভা’।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jan 2018, 09:03 PM

Updated : 08 Apr 2022, 05:48 PM

পশ্চিমবঙ্গে রবীন্দ্রচর্চার অন্যতম প্রতিষ্ঠান টেগোর রিসার্চ ইনস্টিটিউটের পরিচালক মঞ্জুলা বসু, প্রয়াত অধ্যাপক-গবেষক করুণাময় গোস্বামী ও প্রবীণ রবীন্দ্রসংগীতশিল্পী মিতা হক পেয়েছেন এই সম্মাননা।

করুণাময় গোস্বামীর পক্ষে সম্মাননা নেন তার সর্বশেষ কর্মস্থল ক্যামব্রিয়ান এডুকেশন গ্রুপের কর্ণধার এম কে বাশার।

সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর ও প্রাবন্ধিক-গবেষক আহমদ রফিক পুরস্কারটি তুলে দেন।

তার মেয়ে তিথি গোস্বামী প্রবাস থেকে ধন্যবাদ জ্ঞাপন করে একটি পত্র পাঠান আয়োজকদের। পরে সেটি পড়ে শোনানো হয়।

টেগোর রিসার্চ ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক মঞ্জুলা বসু বলেন, “৫৩ বছর ধরে আমি টেগোর রিসার্চ ইনস্টিটিউটের সঙ্গে যুক্ত, এই পুরস্কার যে তাদের জন্যও এক দারুণ সম্মান। রবীন্দ্রনাথ ঠাকুরের চর্চায় এই পুরস্কার আমাদের আরো অনেক প্রেরণা যোগাবে।”

মিতা হক বলেন, “বেশ কদিন ধরেই আমি একটু কম কাজ (গান) করছি। এই পুরস্কারটি আমাকে একটু উজ্জ্বীবিত করবে, এবার একটু জোরেশোরেই গানটা করতে হবে।”

আহমদ রফিক বলেন, “আজকের রবীন্দ্রগুণীরা নিজ নিজ কক্ষ থেকে রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্য, গান আর তার জীবনের নানা দিক নিয়ে কাজ করেছেন। আমরা তো গুণীজনদের সময়মতো সম্মান দেই না। এ পুরস্কারটি প্রাপ্তির পরে রবীন্দ্রগুণীরা তাদের চর্চায় নানামাত্রিক বিস্তার ঘটাবেন।”

সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর বলেন, “৫২’র ভাষা আন্দোলন থেকে শুরু করে মুক্তিযুদ্ধ, বাঙালির আত্মপরিচয় প্রতিষ্ঠার যুদ্ধে রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের সেনাপতি। সাম্প্রদায়িকতা ও জঙ্গিবাদের বিরুদ্ধে লড়াইয়ে তিনি আমাদের প্রেরণার উৎস।

সভায় সভাপতিত্ব করেন ‘খামখেয়ালী সভার’ সভাপতি মাহমুদ হাশিম।

সাহিত্য-সংস্কৃতি জগতের প্রথিতযশাদের নিয়ে ১৮৯৭ সালে কবিগুরু ‘খামখেয়ালী সভা’ নামের একটি আড্ডা চালু করেছিলেন। দীর্ঘ ১১৭ বছর পর ২০১৪ সালে ঢাকায় খামখেয়ালী সভা শীর্ষক সেই আড্ডাটির পুনর্জাগরণ হয়। আর এ বছর পুনর্জাগরিত সেই আড্ডাটি পদার্পণ করল চতুর্থ বছরে। সেই সুবাদে  হয়ে গেল খামখেয়ালি সভার চতুর্থ বর্ষপূর্তি।

এ উপলক্ষে শুক্রবার থেকে দুই দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করা হয়। শনিবার ছিল সে আয়োজনের শেষ দিন।

সম্মাননা প্রদান ও আলোচনা শেষে ছিল নৃত্য-গীত ও কবিতায় সজ্জিত সাংস্কৃতিক পরিবেশনা।  কবিতাপাঠ করেন আবৃত্তিশিল্পী জয়ন্ত চট্টোপাধ্যায় ও তামান্না তিথি। রবীন্দ্রসংগীত পরিবেশন করেন বুলবুল ইসলাম, অদিতি মহসিন, জাকির হোসেন তপন ও ভারতের কণ্ঠশিল্পী অমিতাভ মুখোপাধ্যায়; ছিল নৃত্যশিল্পী র‌্যাচেল প্রিয়াংকা প্যারিসের একক পরিবেশনা।