রাজধানীতে শিশুদের নির্মিত চলচ্চিত্র নিয়ে উৎসব
আনন্দময় জীবনের প্রতিটি মুহূর্ত উপভোগ করতে গিয়ে ফ্রেমে মাটি ও মানুষের কথা তুলে ধরার প্রত্যয় নিলো একদল খুদে চলচ্চিত্র নির্মাতা ।
তাদের সেসব চলচ্চিত্র নিয়ে রাজধানীর চিলড্রেনস ফিল্ম সোসাইটি বাংলাদেশের উদ্যোগে শনিবার থেকে ঢাকায় শুরু হলো ১১তম আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসব।
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এ উৎসবের উদ্বোধন করেন।
কেন্দ্রীয় গ্রন্থাগারের শওকত ওসমান মিলনায়তনে উদ্বোধনী আয়োজনে বিশেষ অতিথি ছিলেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের পরিচালক বারবার উইকহ্যাম।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উৎসব উপদেষ্টা পরিষদের সভাপতি মুস্তাফা মনোয়ার। উপস্থিত ছিলেন লেখক অধ্যাপক মুহম্মদ জাফর ইকবাল।
অর্থমন্ত্রী বলেন, “শিশু জীবন বড় আনন্দের, এই জীবন উৎসবের। এই উৎসবের জীবনের প্রতিটি মুহূর্ত শিশুদের উপভোগ করতে দিতে হবে। শিশুরা চলচ্চিত্র নির্মাণ করছে, এ তো তাদের আনন্দের বহিঃপ্রকাশ। চলচ্চিত্রে তারা বলুক আনন্দময় জীবনের কথা।”
তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেন, চলচ্চিত্র বিকাশের পথে এখনও অনেক বাধা রয়ে গেছে। চলচ্চিত্রে এখন থোক বরাদ্দ প্রয়োজন।
উৎসব পরিচালক মোহাম্মদ আবীর ফেরদৌস জানিয়েছেন, ঢাকার মূল উৎসব কেন্দ্র হিসেবে ব্যবহৃত হচ্ছে শওকত ওসমান মিলনায়তন। উদ্বোধনী দিন ছাড়া প্রতিদিন সকাল ১১টা, দুপুর ২টা, বিকাল ৪টা, সন্ধ্যা ৬টায় মোট ৪টি প্রদর্শনী হবে।
এবারের উৎসবে ঢাকায় মোট ৬টি ভেন্যুতে ৫৮টি দেশের দুই শতাধিক চলচ্চিত্র প্রদর্শিত হবে। প্রতিটি প্রদর্শনীতে একাধিক শিশুতোষ চলচ্চিত্র প্রদর্শিত হবে। উৎসবের সবগুলো প্রদর্শনী অভিভাবক, শিশু-কিশোরসহ সবার জন্য উন্মুক্ত।
‘ফ্রেমে ফ্রেমে আগামী স্বপ্ন’ স্লোগানে বৃহস্পতিবার থেকে শুরু হওয়া এই চলচ্চিত্র উৎসব চলবে ২ ফেব্রুয়ারি পর্যন্ত।
এবার উৎসবের অন্যতম আকর্ষণীয় বিভাগ হিসেবে থাকছে বাংলাদেশি শিশুদের নির্মিত চলচ্চিত্রের প্রতিযোগিতা বিভাগ। এই বিভাগে ৬৮টি চলচ্চিত্র জমা পড়েছিল, যার মধ্যে নির্বাচিত ২১টি চলচ্চিত্র প্রদর্শিত হচ্ছে। এগুলোর মধ্যে ৫টি চলচ্চিত্র পাবে পুরস্কার। এই পুরস্কারের জুরি বোর্ডের সদস্যও শিশু-কিশোররা।
গত উৎসবগুলোর ধারাবাহিকতায় এবারও রয়েছে ‘ইয়ং বাংলাদেশি ট্যালেন্ট’ শীর্ষক বিভাগটি। ১৯ থেকে ২৫ বছর বয়সী নির্মাতারা এই প্রতিযোগিতায় অংশ নিচ্ছে। এছাড়া ‘সোশ্যাল ফিল্ম সেকশন’ বিভাগের নারীর প্রতি সহিংসতা বিষয়টি নিয়ে একটি প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। রয়েছে আন্তর্জাতিক প্রতিযোগিতা বিভাগ।
উৎসবে বিভিন্ন দেশ থেকে আসা চলচ্চিত্রবোদ্ধাদের অংশগ্রহণে রয়েছে বিভিন্ন কর্মশালা, সেমিনার।
সরকারের বিশেষ অনুদান ছাড়াও এ উৎসবে পৃষ্ঠপোষকতা করছে প্রধানমন্ত্রী কার্যালয়ের এটুআই প্রকল্প ও ব্রিটিশ কাউন্সিল।
