২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নগরীতে মেঠো সুরের মূর্ছনা

বাউল, মারফতি আর মুর্শিদি গানের মাধ্যমে নাগরিক জীবনে মেঠো সুরের আবেদন তুলে ধরতে লোকসংগীত উৎসব আয়োজন করেছে সাংস্কৃতিক ছায়ানট।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jan 2018, 12:27 AM

Updated : 11 Oct 2022, 12:03 PM

শুক্রবার সন্ধ্যায় ছায়ানটের শিল্পীদের সম্মেলক কণ্ঠে কালা শাহ্ ফকীরের ‘আমার মুর্শিদ পারশমণি গো’ গানের মধ্য দিয়ে শুরু হয় এ আয়োজন।

এরপর স্বাগত কথনে ছায়ানটের সহ-সভাপতি মফিদুল হক বলেন, “লোক গান আমাদের সম্পদ। এ অনুষ্ঠানের মধ্য দিয়ে ছায়ানট লোকগানকে মানুষের মাঝে ছড়িয়ে দিতে চায়। সে প্রেক্ষিতেই প্রতি বছর পাঁচজন শিল্পীকে বেছে নিয়ে তাদের গানগুলো সকলের সামনে হাজির করা হয়। এসব লোকগানের তাৎপর্য অসাধারণ, গানগুলো পরম্পরাকে ধারণ করার সময় এসেছে।”

এবারের উৎসব সাজানো হয়েছে কালা শাহ্ ফকীর, বিজয় সরকার, খালেক দেওয়ান, কুটি মনসুর ও নুরুল ইসলাম জাহিদের গান দিয়ে।

প্রথমেই ছিল বিজয় সরকারের ভাটিয়ালি গানের পরিবেশনা। বিজয় সরকারের গান পরিবেশন করেন দেবাহুতি মজুমদার, মোন্তাজউর রহমান মানিক, সরদার মো. রহমাতুল্লা।

বাউল সাধক খালেক দেওয়ানের ‘মা লো মা ঝি লো ঝি’ গানটি সম্মেলক কণ্ঠে পরিবেশনের পরে তার আরও কয়েকটি গান শোনান সেতু খন্দকার, উজ্জ্বল দেওয়ান, আব্দুস সালাম, আবুল কালাম আজাদ।

কুটি মনসুরের গান শোনান স্বপ্না রায়, নাজমুল আহসান তুহিন, নীরব মজুমদার, মুকুল মজুমদার।

সবশেষে ছিল নুরুল ইসলাম জাহিদের গান। সম্মেলক কণ্ঠে ‘কয়সের আলোচাউল পাড়িয়া’ পরিবেশনার পরে তার গান গেয়ে শোনান মহিতোষ কুমার, সাদিকা নূর মুমু ও এরফান হোসেন।

ছায়ানটের রীতি অনুযায়ী, সম্মেলক কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে শেষ হয় মাটির গানের এ আয়োজন।

সুনামগঞ্জের ধাইপুর গ্রামের বাউল সাধক কালা শাহ ফকিরকে উৎসর্গ করা হয় এ উৎসব।

ঢাবিতে সংগীত উৎসব শুরু, ছয় গুণী শিল্পীকে সম্মাননা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের আয়োজনে শুক্রবার বিকালে শুরু হল দুই দিনের সংগীত উৎসব।

বিশ্ববিদ্যালয়ের মল চত্বরে সংগীত উৎসবের উদ্বোধন ধরেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. আখতারুজ্জামান।

সংগীত বিভাগের চেয়ারম্যান ড. মহসিনা আক্তার খানম (লীনা তাপসী) অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

এদিন বিভাগের ২০১৬ সালের স্নাতক পরীক্ষায় প্রথম স্থান অধিকারী জান্নাতুল ফেরদৌস নীলাকে ‘নীলুফার ইয়াসমীন স্মারক বৃত্তি’ দেওয়া হয়।

সেই সঙ্গে সংগীতে অবদানের জন্য সম্মাননা দেওয়া হয় ছয় গুণীজনকে। তারা হলেন- কণ্ঠশিল্পী সুবীর নন্দী, গীতিকার কবি জাহিদুল হক, সুরকার সেলিম আশরাফ, গীতিকার ও সুরকার অনুপ ভট্টাচার্য, যন্ত্রশিল্পী ফিরোজ খান ও মনিরুজ্জামান।

লীনা তাপসী খান বলেন, এবারের উৎসবের বিষয় ‘বাংলা গান’।

“ঢাকা বিশ্ববিদ্যালয় সংগীত বিভাগ বিশ্বাস করে ঐতিহ্যের সাথে আধুনিকতার সম্মিলিত চর্চা বাংলা গানের সোনালী সময়কে ফিরিয়ে আনবে। প্রতি বছর ধাপে ধাপে উৎসবের আকার ও পরিধি বিস্তৃত ও ব্যাপক হয়েছে। প্রতিবারই চেষ্টা থাকে বিগত সময়ের চেয়ে আরও সুন্দর করে গুছিয়ে উৎসব আয়োজন করার। এবারও সেই চেষ্টার ধারাবাহিকতা ছিল।”

প্রথম দিনের পুরো আয়োজনে ছিল সংগীত বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীদের পরিবেশনা। ছিল উচ্চাঙ্গ সংগীত, রবীন্দ্র সংগীত, নজরুল সংগীত, লোকসংগীত ও যন্ত্রসঙ্গীতের পরিবেশনা। আধুনিক ও চলচ্চিত্রের গানও পরিবেশিত হয়। উৎসবে প্রথম দিন অতিথি শিল্পী হিসেবে সংগীত পরিবেশন করেন খুরশীদ আলম ও সুবীর নন্দী।