২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নীলফামারীতে ‘জাতীয় রবীন্দ্র সংগীত সম্মেলন’

৯-১১ মার্চ নীলফামারীর ঐতিহ্যবাহী বড় মাঠে আয়োজন করা হচ্ছে ৩৭তম জাতীয় রবীন্দ্র সংগীত সম্মেলন।

নীলফামারী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jan 2018, 07:33 PM

Updated : 25 Jul 2022, 08:28 PM

শুরুর দিন বিকেল সাড়ে ৪টার দিকে সম্মেলনের উদ্বোধন করবেন ড. মুহাম্মদ জাফর ইকবাল ও ১১ মার্চ রাতে অনুষ্ঠিতব্য সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর।

বৃহস্পতিবার দুপুরে রবীন্দ্র সংগীত সম্মিলন পরিষদ, নীলফামারী জেলা শাখা কার্যালয়ে স্থানীয় গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় সভায় বিষয়টি নিশ্চিত করেন জাতীয় রবীন্দ্র সংগীত সম্মিলন পরিষদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক বুলবুল ইসলাম।

সম্মেলনে সারা দেশের ৮৪টি শাখার আট শতাধিক প্রতিনিধি যোগ দেবেন।

তিন দিন ব্যাপী ওই সম্মেলনে রবীন্দ্রসংগীত ছাড়াও, গুণীজন সম্মাননা, সেমিনার, নজরুল সংগীত, নৃত্য, নাটক ও সৃজনশীল বাংলা গান পরিবেশিত হবে। প্রতিদিন এ অঞ্চলের ভাওয়াইয়া গানের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটবে।

রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদের জেলা সভাপতি আহসান রহিমের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন রবীন্দ্র সংগীত পরিষদের কেন্দ্রীয় সহ-সভাপতি আমিনুল হক বাবুল, কোষাধ্যক্ষ নাসেহুন আমিন, সদস্য লাইসা আহমদ লিসা, সোহরাব উদ্দিন, রাকিবুল হাসান রবিন, শামীমা রহমান।

সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুজার রহমান, রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদ নীলফামারী জেলার কোষাধ্যক্ষ বেবী রাণী ঘোষ, সদস্য তাসমিন ফৌজিয়া ওপেল, রাসেল আমিন স্বপন, জেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক মাসুদ সরকার, সংস্কৃতিমন্ত্রীর ব্যক্তিগত সহকারী মো. সেলিম প্রমুখ।