২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মুক্তি ঠেকাতে মরিয়া, তবু মুক্ত ‘পদ্মাবত’

সঞ্জয় লীলা বনসালির বহু বিতর্কিত সিনেমা মুক্তির দিন একঝলকে দেখে নেওয়া যাক সমস্ত ঘটনা দুর্ঘটনা ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

প্রদীপ কর

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jan 2018, 08:50 AM

Updated : 11 Oct 2022, 12:03 PM

হিন্দি সিনেমার ইতিহাসে  এত বেশি বিতর্ক সম্ভবত আর কোনো চলচ্চিত্রের ক্ষেত্রে ঘটেনি । সিনেমার শ্যুটিং শুরুর দিন থেকেই নানা ঘটনা দুর্ঘটনা ঘটেই চলেছে।

শ্যুটিংসেটে দুর্ঘটনা থেকে শিল্পীর মৃত্যু, নির্মাতাকে থাপ্পড়, শিল্পীর নাক কেটে নেওয়ার হুমকি থেকে মাথার দাম ঘোষণা ।

সব মিলিয়ে তর্কে বিতর্কে ২০১৭তে সঞ্জয় লীলা বনসালির এই স্বপ্নের সিনেমা বছরজুড়েই ছিল বলিউডের আলোচনার বিষয় ।

এক অগ্নিগর্ভ পরিস্থিতির মধ্যে মুক্তি পাচ্ছে চলচ্চিত্রটি ।

১.চিত্রশিল্পীর মৃত্যু:

২০১৬র ২৫ ডিসেম্বর ‘পদ্মাবতী’র সেটে কাজ করতে করতেই মাত্র পাঁচ ফুট উচ্চতা থেকে পড়ে গিয়ে মাথায় আঘাত পান চিত্রশিল্পী মুকেশ ডাকিয়া ।

মুম্বাইয়ে হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই মৃত্যু হয় তার । শিল্পীর পরিবারকে ক্ষতিপূরণ দেবার জন্য বনসালির কাছে দাবি করে অ্যালায়েড মজদুর ইউনিয়ন।

আলোচনার মাধ্যমে মুকেশের পরিবারকে ২৩ লক্ষ রুপি ক্ষতিপূরণ দেয় নির্মাতা।

২. নির্মাতাকে থাপ্পড়:

২০১৭’র জানুয়ারিতে রাজস্থানের জয়পুরে জয়গড় দুর্গে শ্যুটিং চলাকালীন সদলবলে ঢুকে পড়ে করনি সেনা ।

তাদের দাবি, এই চলচ্চিত্রে ইতিহাস বিকৃতি করেছে পরিচালক সঞ্জয় লীলা বনসালি । প্রতিবাদ স্বরূপ তারা পরিচালককে থাপ্পড় মারে । সেটেও ভাঙচুর চালায় ।

৩.পরিচালকের বিবৃতি:

সেটে নিগ্রহের পর জয়পুরে শ্যুটিং বন্ধ করে দেয় বনসালি। তিনি বাধ্য হয়ে এক বিবৃতিতে জানান, রানি পদ্মাবতী এবং আলাউদ্দিন খিলজির মধ্যে আপত্তিকর কোনও দৃশ্য এই চলচ্চিত্রে নেই।

৪.করনি সেনার দাবি:

ফেব্রুয়ারি মাসে রাজপুত করনি সেনা দাবি করে, এই ধরনের ঐতিহাসিক ছবিতে ইতিহাস বিকৃতি যাতে না হয়, সে বিষয় দেখার জন্য একটি ‘প্রি সেন্সর বোর্ড’ গঠন করা উচিত।

৫. চিতোরগড় দুর্গে হামলা:

মার্চের প্রথম সপ্তাহে জয়পুরের চিতোরগড় দুর্গের পদ্মিণী মহলে ঢুকে হামলা চালায় করনি সেনাদল।

চলচ্চিত্রের যে অংশের শ্যুটিং চলছিল তার ক্ষতি করে তারা । যে আয়নায় রানি পদ্মিণীকে আলাউদ্দিন খিলজির দেখার কথা ছিল, তা চুরমার করে দেয়।

৬.কোলাপুর সেটে হামলা:

এই মার্চ মাসেই মহারাষ্ট্রের কোলাপুরের মাসাই মালভূমিতে রাত্রের অন্ধকারে হানা দেয় দুষ্কৃতিবাহিনী ।

লাঠি, পেট্রল বোমা, ইট পাথর নিয়ে ভাঙচুর চালায় ‘পদ্মাবতী’র সেটে ।

সিনেমার প্রয়োজনে রাখা বেশ কিছু প্রাণীকে পুড়িয়ে মেরে ফেলে । জ্বালিয়ে দেয় সাজসজ্জার পোশাক সহ সেটের বেশ কিছু অংশ ।

৭.প্রথম পোস্টার প্রকাশ:

সেপ্টেম্বরে দীপিকা পাড়ুকোনের নতুন লুকের ছবিসহ ‘পদ্মাবতী’র প্রথম পোস্টার প্রকাশিত হয় ।

রাজপুত করনি সেনা এবং রাজপুত সমাজের আরো কিছু সংগঠন পোস্টার পুড়িয়ে প্রতিবাদ জানায় ।

জয়পুর জেলা করনি সেনা প্রধান নারায়ণ সিং দিবরালা আইএনএস কে বলেন, “এধরনের ইতিহাস নির্ভর ছবি মুক্তির আগে আমরা চাই, কয়েকজন ঐতিহাসিক সহ করনি সেনার কোর কমিটির সদস্য মিলে এক কমিটি গঠন করে ছবিটির স্ক্রিনিং করা হোক ।”

৮.‘পদ্মাবতী’র রঙ্গোলি ধ্বংস:

অক্টোবরে ছবিটির নতুন পোস্টার প্রকাশিত হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে ।

এই পোস্টার দেখেই সুরাটের শিল্পী করণ টানা ৪৮ঘন্টা ধরে রঙ্গোলি আঁকছিলেন । সেই রঙ্গোলি নষ্ট করে দেওয়া হয় ।

যারা এই কাজ করেছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে তথ্য ও সংস্কৃতি মন্ত্রী স্মৃতি ইরানিকে অনুরোধ করেন দীপিকা পাড়ুকোন।

৯.মুক্তি পেল ‘ঘুমর’ গান:

অক্টোবরেই মুক্তি পেল এই সিনেমার গান ‘ঘুমর’ । এই গানে দীপিকার নাচ নিয়ে বিতর্ক ।

রাজপুতরা সমালোচনা করে, কোনো রানির সর্বসমক্ষে এরকম কোমর দুলিয়ে নাচ তাকে অসম্মানই করে ।

১০.বিজেপি’র দাবি:

নভেম্বরে, নির্বাচন কমিশন, সেন্সর বোর্ডের কাছে লিখিত আবেদন জানায় বিজেপি। ৯ এবং ১৪ ডিসেম্বর গুজরাট বিধানসভা নির্বাচনের আগে যাতে ছবিটিকে কোনও ভাবেই মুক্তি না দেওয়া হয় ।

কেন্দ্রীয় মন্ত্রী উমা ভারতী বলেন, ঐতিহাসিক, চলচ্চিত্র নির্মাতা, বিক্ষোভকারী এবং সেন্সর বোর্ড সকলকে নিয়েই এক কমিটি তৈরি হোক মুক্তির আগে ছবিটি দেখার জন্য।

১১.বনসালির আবারও এক বিবৃতি:

নভেম্বরে আবারও এক বিবৃতিতে পরিচালক বললেন, “দীপিকা এবং রণবীর যে দুটি চরিত্রে অভিনয় করছেন, তাদের মধ্যে কোনও কথোপকথন নেই।”

১২. ‘এক দিল এক জান’

নভেম্বরেই মুক্তি পেল ‘পদ্মাবতী’র টাইটেল সং ‘এক দিল এক জান’। পর্দায় দেখা গেল দীপিকা পাড়ুকোন এবং শাহিদ কাপুর জুটিকে।

বনসালির মুম্বাই অফিসের বাইরে প্রতিবাদ শুরু হয়। রাজপুত সম্প্রদায় গুজরাটের গান্ধীনগর এবং সুরাটে প্রতিবাদ শুরু করে।

১৩. মুখ খুললেন শিল্পীরা

নভেম্বরের মাঝামাঝি নাগাদ ছবিটি নিয়ে প্রথম মু‌খ খুললেন শাহিদ কাপুর। তিনি বলেন, “সিনেমাটিকে একটা সুযোগ দিন।”

দীপিকা পাড়ুকোন বললেন, “একটা জাতি হিসেবে আমরা কোথায় চলেছি?”

দীপিকার এই মন্তব্য ভাইরাল হয়ে যায়।

১৪.করনি সেনার ‘ভারত বন্ধ’ ঘোষণা

১৬নভেম্বর করনি সেনা ঘোষণা দেয় ১ ডিসেম্বর সারা ভারত জুড়েই ‘বন্ধ’ পালন করবে ছবি মুক্তির বিরুদ্ধে ।

দীপিকা পাড়ুকোনের নিরাপত্তা আরো জোরদার করা হয় ।

পরদিন, সেন্সর বোর্ড ‘পদ্মাবতী’কে ফেরত পাঠায় নির্মাতার কাছে ।

১৬. দীপিকার মাথার দাম ঘোষণা

রাজস্থানের মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজে ভারতের কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী স্মৃতি ইরানির কাছে আবেদন জানায় ছবি মুক্তি পিছিয়ে দেওয়ার জন্য ।

মীরাটের ঠাকুর সম্প্রদায়ের নেতা অভিষেক সোম ৫ কোটি রুপি মাথার দাম ঘোষণা করেন সঞ্জয় লীলা বনসালি এবং দীপিকা পাড়ুকোনের ।

১৭.পিছিয়ে গেল ‘পদ্মাবতী’র মুক্তি

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “একটি নির্দিষ্ট রাজনৈতিক দল ভেবেচিন্তে পরিকল্পনা করে আমাদের মত প্রকাশের স্বাধীনতা ধ্বংস করছে ।”

১৮.‘পদ্মাবতী’ থেকে ‘পদ্মাবত’

৩০ ডিসেম্বর কেন্দ্রীয় সেন্সর বোর্ড নির্দেশ দেয় পাল্টে ফেলতে হবে ছবির নাম। বদলাতে হবে ছবির আরও চারটি অংশ।

তবেই ‘ইউ/এ’ সনদপত্রসহ মুক্তি পাবে সঞ্জয় লীলা বানসালির দেড়শো কোটি রুপি বাজেটের এই ছবি।

জয়পুরের দুই ঐতিহাসিক অধ্যাপক বি.এল.গুপ্ত এবং অধ্যাপক খাঙ্গারটকে চলচ্চিত্রটি দেখার আমন্ত্রণ জানিয়েছিল সেন্সরবোর্ড ।

তাদের মতামতকে গুরুত্ব দিয়েই সিনেমাটির বেশকিছু দৃশ্য পরিবর্তনের নির্দেশ দেয় বোর্ড ।

নির্মাতা জানিয়েছিলেন, ষোড়শ শতকের বিশিষ্ট সূফি কবি মালিক মহম্মদ জয়শীর বিখ্যাত কবিতা ‘পদ্মাবত’ থেকে অনুপ্রাণিত হয়েই এই চলিচ্চিত্রটি নির্মাণ করেছেন তিনি ।

‘পদ্মাবতী’ থেকে ছবির নাম হল ‘পদ্মাবত’।

১৯.রাজ পরিবারের চিঠি

২০১৮’র প্রথমদিনেই মেবারের রাজপরিবার থেকে সেন্সর বোর্ডে তৃতীয় বার চিঠি পাঠানো হয় ।

অভিযোগ যদিও একই, তাদের সম্মতি রয়েছে ব’লে সর্বসমক্ষে ঘোষণা করলেও, কোনও মতামত নেওয়া হয়নি।

বরং রাজপরিবারের তীব্র আপত্তিতেও ‘পদ্মাবতী’কে মুক্তির ছাড়পত্র দিয়েছে সেন্সর বোর্ড।

২০.‘পদ্মাবত’ মুক্তির দিন ঘোষণা

বলিউড চলচ্চিত্রের বাণিজ্য বিশ্লেষক তরণ আদর্শ টুইট করে ছবি মুক্তির সংবাদ জানিয়েছেন।

নানা বিতর্ক এবং অনিশ্চয়তার জট কাটিয়ে সঞ্জয় লীলা বনসালির স্বপ্নের চলচ্চিত্র ‘পদ্মাবত’ মুক্তি পাচ্ছে ২৫ জানুয়ারি ।

২১. ‘পদ্মাবত’ মুক্তি পেলে ‘জহরব্রত’র হুমকি

১৪জানুয়ারি আনুষ্ঠানিক ঘোষণা হল ‘পদ্মাবত’ মুক্তি পাবে ২৫জানুয়ারি ।

ছবিটির মুক্তি ঠেকাতে রাজপুত রমণীরা রানি পদ্মিনীর 'পথ' অবলম্বন করে 'জহর ব্রত' পালনের হুমকি দিয়েছে।

২২. ছয় রাজ্যে নিষিদ্ধ ‘পদ্মাবত’

হরিয়ানা, গুজরাট, হিমাচলপ্রদেশ, মধ্যপ্রদেশ, রাজস্থান ও উত্তরাখণ্ডে ‘পদ্মাবত’ মুক্তিতে নিষেধাজ্ঞা জারি হয়েছিল।

নিষিদ্ধের ঘোষণায় ভারতের শীর্ষ আদালতের দ্বারস্থ হন ছবিটির প্রযোজকরা ।

২৩. সব রাজ্যেই ২৫জানুয়ারি মুক্তি পাবে ছবিটি

প্রযোজনা প্রতিষ্ঠান ভায়াকম এইট্টিন-এর পক্ষ থেকে প্রশ্ন, সিবিএফসি ছবিটিকে ছাড়পত্র দেওয়ার পরও কীভাবে দেশের একাধিক রাজ্য তা নিষিদ্ধ ঘোষণা করতে পারে?

সর্বোচ্চ আদালত জানায়, সেন্সর সনদপত্র দেওয়ার পর রাজ্যগুলি আর নিষেধাজ্ঞা জারি করতে পারে না।

২৪. দ্বিতীয়বার বন্ধ হল চিতোর দুর্গ

‘পদ্মাবত’ চলচ্চিত্র নিয়ে সহিংস প্রতিবাদের জেরে গত কয়েক শতাব্দীর ইতিহাসে দ্বিতীয়বারের মতো বন্ধ করে দেওয়া হয়েছে রাজস্থানের ঐতিহাসিক চিতোর দুর্গ।

‘পদ্মাবত’ চলচ্চিত্রের বিরুদ্ধে প্রতিবাদী করনি সেনারা ২৩জানুয়ারি রাতে দুর্গটিতে প্রবেশের চেষ্টা করার পর সেটি সিল করে দেয় কর্তৃপক্ষ। 

চলচ্চিত্রটি রাজস্থানে দেখানো হলে কয়েক হাজার রাজপুত নারী এই দুর্গটিতে গিয়ে আত্মাহুতি দেওয়ার হুমকি দিয়েছেন।

২৫.মুক্তি ঠেকাতে মরিয়া, তবু মুক্ত ‘পদ্মাবত’

মুক্তির আগেরদিন, ২৪জানুয়ারি, ভারতের বিভিন্ন রাজ্যে ছবির মুক্তি ঠেকাতে মরিয়া হয়ে উঠেছে প্রতিবাদী দলগুলি ।

মাল্টিপ্লেক্স থেকে শুরু করে স্কুলবাসে অগ্নিসংযোগ, পথ অবরোধ, ভাঙচুর… রাজস্থান, মধ্যপ্রদেশ, উত্তর প্রদেশ, হরিয়ানা এবং গুজরাট রাজ্যগুলিতে বেশ চিন্তায় ফেলেছে প্রসাশনকে ।

মধ্যপ্রদেশ, রাজস্থান সরকারের পুনর্বার আবেদন খারিজ করে শীর্ষ আদালত জানিয়েছে, আইনশৃঙ্খলা রক্ষার দায় সরকারের, সেই কারণে ছবিমুক্তি আটকানো যায় না ।

সব রাজ্য সরকারকে ‘পদ্মাবত’ মুক্তির ব্যবস্থা করতেই হবে। আদালতের নির্দেশ পালন করাটা সরকারের কর্তব্য ।

যদিও মাল্টিপ্লেক্স অ্যাসোসিয়েশন অব ইন্ডিয়া সিদ্ধান্ত নিয়েছে গুজরাট এবং রাজস্থানে তারা ছবিটি দেখাবে না ।

বুধবার হলের বাইরে যথেষ্ট পরিমান আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করে ছবিটির প্রিমিয়ার শো চলেছে ।

বৃহস্পতিবার মুক্ত হচ্ছে ‘পদ্মাবত’।