রাচেল মরিসন কি অস্কারে ইতিহাস তৈরি করবেন?
অস্কারের সুদীর্ঘ ইতিহাসে তিনিই প্রথম মহিলা সিনেমাটোগ্রাফার হিসেবে মনোনীত হয়েছেন ।
আগামী ৪ মার্চ ডলবি থিয়েটারে ৯০তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে হয়তো অনেক নতুন ইতিহাস তৈরি হবে ।
যেমন, ৩৯বছর বয়সী মহিলা সিনেমাটোগ্রাফার রাচেল মরিসন যদি চলচ্চিত্রের এই সর্বাধিক মর্যাদাপূর্ণ পুরস্কার পেয়ে যান, তাহলে সেটাই হবে এক ঐতিহাসিক ঘটনা।
বিবিসি নিউজ সূত্রে খবর, যুক্তরাষ্ট্রের এই সিনেমাটোগ্রাফার ‘মাডবাউন্ড’-এ তার কাজের জন্য ৯০তম অস্কারে মনোনয়ন পেয়েই ইতিহাস সৃষ্টি করেছেন ।
অস্কারের এই সুদীর্ঘ ইতিহাসে তিনিই প্রথম মহিলা সিনেমাটোগ্রাফার হিসেবে মনোনীত হয়েছেন ।
তার প্রতিযোগী হিসেবে রয়েছেন ব্রিটিশ সিনেমাটোগ্রাফার রজার ডিকিন্স(‘ব্লেড রানার ২০৪৯’), ফ্রান্সের ব্রুনো ডেলবোনেল(‘ডার্কেস্ট আওয়ার’), সুইজারল্যান্ডের হয়তে ভ্যান হয়তেমা(‘ডানকার্ক’), ‘দ্য শেইপ অব ওয়াটার’ চলচ্চিত্রের সিনেমাটেগ্রাফার ডেনমর্কের ডন লসেন ।
মরিসন গত ডিসেম্বরে নিউ ইয়র্ক ফিল্ম ক্রিটিক সার্কল অ্যাওয়ার্ড পেয়েছেন ।
এমাসের প্রথম দিকে তিনি ‘দ্য হলিউড রিপোর্টার’কে বলেছিলেন,“সারা বিশ্বে ‘মাথা ঘুরিয়ে দেওয়ার মতো’ কাজ খুব কম মহিলা সিনেমাটোগ্রাফারই করছেন । তবে, এ অবস্থার পরিবর্তনও হতে শুরু করেছে ।”
টেলিভিশনে ইউএস সিরিজ ‘দ্য হিলস’ দিয়ে কাজ শুরু করলেও পরবর্তীতে ‘ব্ল্যাক প্যান্থার’, ‘কেক’,‘সাউন্ড অব মাই ভয়েস’ ইত্যাদি বেশ উল্লেখযোগ্য চলচ্চিত্রে সফল সিনেমাটোগ্রাফার হিসেবে তিনি সুপরিচিত ।
মরিসন ছাড়াও ‘মাডবাউন্ড’-এর জন্য সেরা পার্শ্ব অভিনেত্রী হিসেবে ম্যারি জে ব্লিজ, সেরা মৌলিক সংগীতের জন্য ম্যারি জে ব্লিজে, এবং সেরা অ্যাডাপ্টেড চিত্রনাট্যের জন্য ডি রিইস এবছরের অ্যাকাডেমি অ্যাওয়ার্ডে মনোনীত হয়েছেন ।
