সেরা কণ্ঠ চ্যাম্পিয়ন ঐশী ও সুমনা
চ্যানেল আই সেরা কণ্ঠ নির্বাচিত হলেন যৌথভাবে সুনামগঞ্জের ঐশী এবং ঢাকার সুমনা।
প্রায় ৩৫ হাজার প্রতিযোগীর মধ্য থেকে ছয় মাসের লড়াই শেষে সেরা হয়ে উঠেন ১২ জন প্রতিযোগী। ২১ জানুয়ারি থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে চাওফ্রেয়া নদীর পাড়ের একটি পাঁচ তারকা হোটেল চাত্রিয়ামে অনুষ্ঠিত হলো এ প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠান।
অনুষ্ঠানে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। এ প্রতিযোগিতায় প্রথমবারের মতো গ্রুপ চ্যাম্পিয়ন হলেন সুনামগঞ্জের ঐশী এবং ঢাকার সুমনা। প্রথম রানারআপ হয়েছেন তৃষা, দ্বিতীয় রানারআপ নান্নু।
জমকালো এ আসরটি বসেছিল ২১ জানুয়ারি রবিবার স্থানীয় সময় সন্ধ্যা ৭ টায়। আসরে পারফর্ম করেন সর্বশেষ ১২ প্রতিযোগী আদিবা, সুমনা, ফাতেমা, ঐশী, তারিক মৃধা, তৃষা, আনিসা, তিন্নি, মৌমিতা, নান্নু, দোলা ও আপেল ।
পারফর্মেন্স বিবেচনায় বিজয়ীদের নাম ঘোষণা করেন বিচারকরা।
বিচারকের আসনে ছিলেন কুমার বিশ্বজিৎ, মিতালী মুখার্জি, সামিনা চৌধুরী ও রেজওয়ানা চৌধুরী বন্যা।
অনুষ্ঠানটি পরিচালনা করেন ইজাজ খান স্বপন। তিনি বলেন, “ভীনদেশের মাটিতে এমন একটি বিশাল আয়োজনকে সফল করতে সহযোগিতা করেছেন থাইল্যান্ডের রাজ পরিবারের প্রতিনিধি, ব্যাংকক পর্যটন কর্পোরেশন এবং বাংলাদেশ দূতাবাস।
এবারের আসরে প্রথমবারের মতো গ্রুপ চ্যাম্পিয়ন পেলো সেরাকণ্ঠ। ধারণকৃত অনুষ্ঠানটি চ্যানেল আই-এর অগনিত দর্শকদের জন্য টিভির পর্দায় শিঘ্রই দেখানো হবে।”
সেরাকন্ঠ সিজন ছয়ের সর্বশেষ ১২ প্রতিযোগী
এ সময় উপস্থিত ছিলেন প্রতিযোগিতার চার বিচারক মিতালী মুখার্জী, রেজওয়ানা চৌধুরী বন্যা, সামিনা চৌধুরী ও কুমার বিশ্বিজৎ।
গ্র্যান্ড ফিনালেতে পারফর্ম করেছেন সেরাকণ্ঠ ইমরান ও কোনাল।
এবারের সেরাকণ্ঠ গ্রুপ চ্যাম্পিয়ন পেয়েছে ৫ লক্ষ টাকা, প্রথম রানারআপ ৩ লাখ টাকা ও দ্বিতীয় রানারআপ পেয়েছে ২ লাখ টাকা।
অন্যান্য পুরস্কার ছাড়াও ইমপ্রেস অডিও ভিশন থেকে অ্যালবাম প্রকাশ, আনন্দ আলোতে প্রচ্ছদ ও সাপ্তাহিকে তাদের কাজের লেখা প্রকাশ করা হবে।
অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন আরজে ও মডেল মারিয়া নূর।
দেশের প্রত্যন্ত অঞ্চলের প্রতিভাবান সংগীতশিল্পীদের সবার সামনে নিয়ে আসতে বড় প্ল্যাটফর্ম হিসেবে কাজ করছে চ্যানেল আই সেরাকণ্ঠ।
‘গানে আওয়াজ তোল প্রাণে’ স্লোগান নিয়ে ‘চ্যানেল আই সেরাকণ্ঠ’ যাত্রা শুরু করে ২০০৮ সালের ৪ এপ্রিল। এ রিয়েলিটি শো থেকে উঠে এসেছে বেশ কিছু জনপ্রিয় শিল্পী।
