ইউটিউবে সহজিয়া’র মিউজিক ভিডিও
সহজিয়া ব্যান্ডের দ্বিতীয় গানের অ্যালবাম ‘ঘোড়া’র ‘চকলেট’ শিরোনামে একটি গানের মিউজিক ভিডিও প্রকাশ করা হয়েছে গত শনিবার।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আয়োজিত হিম উৎসবের সমাপনী কনসার্টে ‘চকলেট’ গানটির মিউজিক ভিডিওর প্রিমিয়ার হয়েছে। একইসঙ্গে অ্যালবামের বাকি গানগুলোও প্রকাশিত হয়েছে সহজিয়া’র অফিসিয়াল ইউটিউব চ্যানেলে।
এদিন অ্যালবামের অডিও সিডির মোড়ক উন্মোচন করেন কবি-শিল্পী কফিল আহমেদ ও শিরোনামহীন-এর বেইজ গিটারিস্ট ও দলপ্রধান জিয়াউর রহমান জিয়া।
৭টি গানের বিষয়ভিত্তিক এ অ্যালবামের ৪টি গানই ‘ঘোড়া’ সম্পর্কিত। গানের শিরোনামগুলো হল- ‘ছোটপাখি’, ‘চকলেট’, ‘যাদুকর’, ‘আমাদের কথা’, ‘ছুট’, ‘ঘোড়া’, ‘ভোর থেকে রাত’।
গানগুলো সহজিয়ার নিজস্ব স্টুডিওতে রেকর্ড করা হয়েছে।
প্রায় চার বছর পর শ্রোতাদের দ্বিতীয় অ্যালবাম উপহার দিল সহজিয়া। ২০০৯ সালে ব্যান্ড গঠনের পর সহজিয়ার প্রথম অ্যালবাম ‘রঙমিস্ত্রী’ প্রকাশিত হয় ২০১৩ সালের নভেম্বরে। ‘বোকা পাখি’, ‘রঙমিস্ত্রী’, ‘শবনম’, ‘অপেক্ষা’ ও ‘ব্যথা দিও না’র মতো শ্রোতাপ্রিয় মোট ৯টি গান নিয়ে প্রকাশ হয় অ্যালবামটি।
সহজিয়ার ব্যান্ড লাইনআপ- লিরিসিস্ট ও ভোকাল: রাজু, গিটার: সজীব, শিমুল, বেইজ: জাফরী, ড্রামস: রাব্বী।
