অদ্ভুত ঘোড়ার পিঠে চড়ে আসছে ‘শনিবার বিকেল’
বহুল আলোচিত সমালোচিত ‘ডুব’ নির্মাণের পর নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী নির্মাণ করছেন তার সপ্তম চলচ্চিত্র ‘শনিবার বিকেল’।
কেমন ছবি ‘শনিবার বিকেল’? কেন শুধু বিকেল বা কেনই শুধু শনিবার এমন প্রশ্নের উত্তর ঘুরপাক খেতে পারে ফারুকী ভক্তদের মনে।
শুরুতেই তাই এ প্রশ্নের উত্তর দিলেন মোস্তফার সরয়ার ফারুকী। বললেন, “এটা হচ্ছে এক বিকেল বেলার গল্প। যে বিকেল আমাদের গল্পের জমিনে নেমে এসেছিল এক অদ্ভুত ছদ্মবেশ নিয়ে- এক অদ্ভুত ঘোড়ার পিঠে চড়ে।”
তারকাবহুল চলচ্চিত্র ‘শনিবার বিকেল’। যতোবড় তারকাই হোক, সেই বিকেলের গল্পে চরিত্র থেকে বেশভুষা, এমনকি লুকেও পরিবর্তন আনতে হয়েছে অনেককেই।
অভিনেতা জাহিদ হাসান দীর্ঘদিন ধরে দাড়ি রেখেছেন চলচ্চিত্রটির জন্য। বহুরূপী পরমব্রতকে আরও এক নতুন লুকে হাজির হতে হয়েছে ক্যামেরায়।
কেমন ছিল শ্যুটিং অভিজ্ঞতা? ফারুকী বললেন, “শুটিংটা অনেক এনজয় করেছি। এই ১১৮জন মেম্বারই তার তার জায়গায় বেস্ট এফোর্টটা দিয়েছে।
এ ছবিটা এমনই কঠিন ছবি ছিলো, এদের মধ্যে যদি ১১৬ নাম্বার জন যার কাজ হয়তো ছিল একটা সুইচ অফ করা, সে যদি এটা করতে ভুলে যেত তাহলে এটা আমার জন্য করা খুব কঠিন হয়ে উঠতো।”
তিনি আরও বলেন, “এটা বোঝাতে চাইলাম যে, সবচেয়ে ছোট কাজ যার ছিল তার কাজটাও খুব গুরুত্বপূর্ণ এখানে। সবশেষে ভালোভাবে কাজটা করতে পেরেছি। এরকম ডেডিকেশন নিয়ে, সপ্তাহের পর সপ্তাহ অভিনেত্রী ক্রু টিম প্রত্যেকে দিন রাত পরিশ্রম করা এটা খুব কঠিন ব্যাপার।
রাজধানীর মহাখালী, হাতির ঝিল, বনানী, নিউমার্কেট ও কোক স্টুডিওতে শ্যুটিং হয় চলচ্চিত্রটির। টানা ১৫দিন মহড়ার ফাঁকে ফাঁকেই ক্যামেরা তাক করেছেন নির্মাতা ফারুকী।
এদিকে চলচ্চিত্রটিতে শ্যুটিং করতে গিয়ে অসুস্থ হয়ে পড়েছেন গুণী অভিনেতা মামুনুর রশীদ। টানা শ্যুটিংয়ের ধকল সামলে উঠলেও প্রেশার নামছেনা তার। ডাবিংয়ে এসে সে খবরই জানালেন।
ফারুকী বললেন, “রোববার ডাবিংয়ে মামুনুর রশিদ এসেছিলেন। এসে তিনি বললেন আমার প্রেশার ১৬০ ডিগ্রি। গত কিছুদিন ধরেই তার এমন চলছে, তিনি হাসপাতাল থেকে আসছিলেন। জানালেন, তার জন্য এ শ্যুটিংটা খুব বিপদ হয়ে গিয়েছে।
কেন এমন হলো? ফারুকীর ভাষ্যে, “ওখানে একটা শ্বাসরুদ্ধকর অবস্থা থাকে। এটা তার উপর শারীরিকভাবে প্রভাব ফেলেছে। সাতদিন পরও তার প্রেশার নরমাল হচ্ছে না।
এটাই প্রমাণ করে যে, প্রত্যেকেই কী পরিমান ইনভল্বড ছিল। বাকিটা এখন আমরা পোস্ট প্রোডাকশন করলে বুঝতে পারবো।”
ছবিটির প্রযোজক জাজ মাল্টিমিডিয়া, সহ প্রযোজক হিসেবে থাকছে ছবিয়াল ও জার্মানির টেনডেম প্রোডাকশনস।
