২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মুম্বাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে শবনম ফেরদৌসীর ‘জন্মসাথী’

আগামী ২৮ জানুয়ারি থেকে ভারতের মুম্বাইয়ে অনুষ্ঠিতব্য ১৫তম মুম্বাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে স্থান পেয়েছে বাংলাদেশের প্রামাণ্যচিত্র ‘জন্মসাথী’।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jan 2018, 05:32 PM

Updated : 11 Oct 2022, 12:01 PM

দক্ষিণ এশিয়ার প্রামাণ্যচিত্র, স্বল্পদৈর্ঘ্য এবং অ্যানিমেশন চলচ্চিত্রের প্রাচীন এবং সর্ববৃহৎ আয়োজন মুম্বাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব।

এবার এ উৎসবে প্রদর্শিত হতে যাচ্ছে শবনম ফেরদৌসী নির্মিত প্রামাণ্যচিত্র ‘জন্মসাথী’। বিষয়টি গ্লিটজকে নিশ্চিত করেছেন নির্মাতা।

২৮ জানুয়ারি থেকে শুরু হওয়া এ উৎসবে ফিল্ম ডিভিশনে ‘জন্মসাথী’ প্রদর্শিত হবে আগামী ২ ফেব্রুয়ারি।

নির্মাতা শবনম ফেরদৌসী বলেন, “আমার জানামতে বাংলাদেশ থেকে এটা তৃতীয় প্রামাণ্যচিত্র যা সম্মানজনক এ উৎসবে প্রদর্শিত হতে যাচ্ছে।

এর মধ্যে চারটি উৎসবে গেছে ‘জন্মসাথী’। তারমধ্যে দুটোতে অ্যাওয়ার্ড পেয়েছে।

আমি আসলে নিজ থেকে কোথাও উৎসবে প্রামাণ্যচিত্রটি দেইনি। যারা চেয়েছে তাদের দিয়েছি। ‘জন্মসাথী’ আমি বাংলাদেশে দেখানোকেই প্রাধান্য দিয়েছি।

কেননা এ ইতিহাসটা বাংলাদেশের মানুষই এখনো ভালো করে জানেন না। তাছাড়া ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে পাঠাতেও টাকা লাগে। আমার সেই সামর্থ নেই।”

Image
যুদ্ধশিশু সামসুন্নাহারের সঙ্গে নির্মাতা শবনম ফেরদৌসী

যুদ্ধশিশু সামসুন্নাহারের সঙ্গে নির্মাতা শবনম ফেরদৌসী

১৯৭১ সালের মুক্তিযুদ্ধের একটি অনালোকিত অধ্যায় যুদ্ধশিশু। দেশ স্বাধীন হওয়ার পর যাদের নীরবে দেশের বাইরে পাঠিয়ে দেওয়া হয়, জন্মপরিচয় গোপন রেখে যাদের অনেকেই বেড়ে ওঠেন এদেশেই।

নিজভূমে আত্মপরিচয় সংকটে জীবনযাপন করা এইসব মানুষের সন্ধানে নেমেছিলেন প্রামান্যচিত্র নির্মাতা শবনম ফেরদৌসী।

তিনজন যুদ্ধশিশুকে খুঁজে বের করে তাদের পরিণত বয়সের মুখ থেকে শুনেছেন যুদ্ধের আরেক পরিণতির গল্প। সে গল্পই তুলে এনেছেন তার নতুন প্রামান্যচিত্র ‘জন্মসাথী’তে।

২০১৬ সালের মার্চে প্রামাণ্যচিত্র ‘জন্মসাথী’র প্রথম প্রদর্শনী হয়। এরপর বিভাগীয় শহরগুলোতেও প্রদর্শিত হয়েছে।

প্রামাণ্যচিত্রটি প্রদর্শনের পাশাপাশি উৎসবেও আমন্ত্রিত হয়েছেন নির্মাতা শবনম ফেরদৌসী।

আন্তর্জাতিক প্রদর্শনের ব্যাপারে নির্মাতা আরও বলেন, “পৃথিবীতেই যুদ্ধ একটা ঘটনা, সব জাতীর জন্য। এবং যুদ্ধের কারণে সবচেয়ে বেশি নির্যাতনের শিকার হয় নারী ও শিশু। নারী নিপীড়নের শিকার হলে সন্তান জন্মায়।

ফলে দেখা যাচ্ছে যে, এটা ইন্টারন্যাশনাল ওয়ার ক্রাইমের একটা ফ্যাক্ট। সে হিসেবে আন্তর্জাতিক দর্শক যারা দেখবেন ওই বৈশ্বিক চেতনা থেকেই ‘জন্মসাথী’ দেখবে ও অনুভব করবে বলে আমার বিশ্বাস।

‘জন্মসাথী’ শুধু করুণার কথা নয়, একটা শক্তির কথাও বলে। যে শক্তিতে তারা সমাজের নানামুখী চাপের ভেতরও জীবন নিয়ে দাঁড়িয়ে থাকে।”

নির্মাতা শবনম ফেরদৌসী বর্তমানে নির্মাণ করছেন সরকারী অনুদানের চলচ্চিত্র ‘আজব সুন্দর’।

প্রসঙ্গত, ১৯৯০ সাল থেকে ভারতের কেন্দ্রীয় সরকারের তথ্য এবং সম্প্রচার মন্ত্রণালয়ের চলচ্চিত্র বিভাগের উদ্যোগে মুম্বাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব আয়োজন করা হচ্ছে।

চলতিবছর এ উৎসবের স্বল্পদৈর্ঘ্য বিভাগে মনোনীত হয়েছে বাংলাদেশের খন্দকার সুমন পরিচালিত ‘পৌনঃপুনিক’ চলচ্চিত্রটিও ।