২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দীর্ঘ বিরতির পর ফিরলেন তানিয়া

জনপ্রিয় গেম শো ‘আজকের অনন্যা’ উপস্থাপনায় ফিরছেন জনপ্রিয় অভিনেত্রী তানিয়া আহমেদ।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jan 2018, 06:04 PM

Updated : 08 Apr 2022, 05:43 PM

অভিনয়ে, নির্মাণে দীর্ঘদিন ধরে জনপ্রিয়তা ধরে রেখেছেন তানিয়া আহমেদ। তার উপস্থাপনায় দর্শকপ্রিয়তা পায় জিটিভিতে প্রচারিত জনপ্রিয় গেম শো ‘আজকের অনন্যা’।

বিশেষ কারণবশত অনুষ্ঠানটি উপস্থাপনায় তিনি বিরতি নেওয়ার পর পর্যায়ক্রমে অনুষ্ঠানটি উপস্থাপনা করেন ফারহানা নিশো, আজমেরী হক বাঁধন এবং মৌসুমী হামিদ।

এবার দীর্ঘ বিরতি নিয়ে অনুষ্ঠানটি উপস্থাপনায় ফিরছেন জনপ্রিয় এ অভিনেত্রী ও নির্মাতা।

অনুষ্ঠানটির প্রযোজক তুষার জামাল জানান, এফডিসিতে শুরু হয়েছে অনুষ্ঠানটির শুটিং। নতুন সিজনে ‘আজকেন অনন্যা’য় আনা হয়েছে একাধিক পরিবর্তন।

পুরানো গেম বাদ দিয়ে যুক্ত করা হয়েছে সব নতুন নতুন সব গেমস। সেই সাথে প্রতিটি গেমসের জন্য তৈরি করা হয়েছে আলাদা সেট। উপস্থাপনায়ও থাকছে একাধিক চমক।

অনুষ্ঠানটি পুনরায় উপস্থাপনা প্রসঙ্গে তানিয়া আহমেদ বলেন, “অনেক দিন ধরেই উপস্থাপনা করছি। আজকের অনন্যা আমার ভালোলাগার আর ভালোবাসার প্ল্যাটফর্ম। ‘আজকের অনন্যা’ আমার কাছে খুব উপভোগ্য।

এছাড়া অনেক মানুষের সাথে আড্ডা হয়, বিভিন্ন মানুষের দর্শন সম্পর্কে জানা যায়। আশা করছি আমার উপস্থাপনা আবারও দর্শক উপভোগ করবেন।” 

নারীর পরিধি এখন চার দেয়ালের মধ্যে সীমিত নেই। ঘরে-বাইরে সর্বত্রই নারীরা পালন করে চলেছেন গুরুত্বপূর্ণ ভূমিকা। ‘আজকের অনন্যা’ অনুষ্ঠানটি সেই সব নারীদের প্ল্যাটফর্ম, যারা নিয়মিত জীবনে বিভিন্ন গুরুত্বপুর্ণ কাজ করেন।

নারীদের মধ্যে যারা সংসারের পাশাপাশি চাকরি, ব্যবসা, সেবামূলক কাজে যুক্ত তাদের জন্য জিটিভির এই নিয়মিত অনুষ্ঠান ‘আজকের অনন্যা’।

ঘর-সংসার আর অন্যসব কাজের বাইরেও এমন অনেক নারী আছেন যারা আরো অনেক কিছু করতে পারেন ও করতে চান।

যাদের মধ্যে আছে সুপ্ত প্রতিভা, যা সময় সুযোগের অভাবে প্রকাশ হয়নি। সেই সকল নারীদের ইচ্ছা এবং প্রতিভার প্রকাশ ঘটাতেই এ অনুষ্ঠানটি প্রচারিত হচ্ছে।

‘আজকের অনন্যা’ অনুষ্ঠানটি প্রতি বৃহস্পতিবার রাত ৯টা ৩০ মিনিটে জিটিভিতে প্রচারিত হবে।