জমিদারের শেষ বংশধর নিলয়
সাকিব রায়হান পরিচালিত গোয়েন্দা ওয়েব সিরিজ ‘ডিটেকটিভ লাভলু মিয়া’তে যোগ দিলেন অভিনেতা নিলয় আলমগীর।
প্রথম পর্বেই দর্শক প্রিয়তা অর্জন করেছে গোয়েন্দা ওয়েব সিরিজ ‘ডিটেকটিভ লাভলু মিয়া’। এবার আসছে তার দ্বিতীয় পর্ব-‘জমিদার বাড়ি’।
নাটকে ডিটেক্টিভ লাভলু মিয়ার চরিত্রে অভিনয় করছেন আজাদ আবুল কালাম। জমিদার বাড়ি উদ্ধারের নতুন পর্বে যোগ দিচ্ছেন অভিনেতা নিলয় আলমগীর। তাকে দেখা যাবে শেষ বংশধর সুদীপ্ত রায় চৌধুরীর চরিত্রে।
প্রথমবারের মতো মৌলিক গোয়েন্দা গল্পের নাটকে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা নিলয়।
নিলয় বললেন, “সাকিব ভাইয়ের সঙ্গে আগেও কাজ করেছি। ওয়েব সিরিজটির রহস্য গল্প আমার বেশ পছন্দ হয়েছে। কাজ করে স্বস্তিবোধ করছি।
আমার মনে হয় আমাদের দর্শক টেলিভিশনের পাশাপাশি বিভিন্ন ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম ও ইউটিউবের প্রতিও ঝুঁকছেন।
সব মাধ্যমের দর্শকের কথা ভেবেই অভিনয় করছি। আশা করছি দর্শক সুদীপ্ত রায় চৌধুরীর অভিনয় উপভোগ করবেন।”
আজাদ আবুল কালাম, নিলয়ের পাশাপাশি আরও থাকছেন কাজী ঊজ্জ্বল। প্রচার শুরুর পর থেকেই আলোচনায় এসেছে ‘ডিটেকটিভ লাভলু মিয়া’।
নির্মাতা মনে করেন, প্রথম গল্প ‘সাঁতার’-এর মতোই দর্শক পছন্দ করবেন ‘জমিদার বাড়ি’। তৃতীয় গল্পটির নাম ‘অপহরণ’।
রবিস্ক্রিন ও এয়ারটেল স্ক্রিনে ১১ জানুয়ারি রাত থেকে প্রচার শুরু নিলয়ের পর্বটি।
