২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আন্তর্জাতিক বাংলা সাহিত্য সম্মেলনে হুমায়ূনের ‘নদ্দিউ নতিম’

অনুষ্ঠিতব্য ‘আন্তর্জাতিক বাংলা সাহিত্য সম্মেলন ১৪২৪’-এর উদ্বোধনী সন্ধ্যায় মঞ্চস্থ হবে ম্যাড থেটারের প্রযোজনা ‘নদ্দিউ নতিম’।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jan 2018, 07:32 PM

Updated : 11 Oct 2022, 11:59 AM

বাংলা সাহিত্যের সৃজন ও ঐতিহ্যকে সমুন্নত রাখতে ঢাকায় শুরু হচ্ছে তিন দিনব্যাপী ‘আন্তর্জাতিক বাংলা সাহিত্য সম্মেলন ১৪২৪’।

১৩ জানুয়ারি থেকে শুরু হওয়া এ সম্মেলনের উদ্বোধনী সন্ধ্যায় মঞ্চস্থ হতে যাচ্ছে কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদ রচিত ‘কে কথা কয়’ উপন্যাস অবলম্বনে নির্মিত মঞ্চনাটক ‘নদ্দিউ নতিম’।

১৩ জানুয়ারি বিকেল ৩টায় ওসমানী স্মৃতি মিলনায়তনে সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠান হবে।সম্মেলন উদ্বোধন করবেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এ দিন সন্ধ্যা ৭টায় বাংলা একাডেমির আব্দুল করিম সাহিত্য বিশারদ মিলনায়তনে ম্যাড থেটার পরিবেশন করবে ‘নদ্দিউ নতিম’।নাটকটি রচনা ও নির্দেশনা দিয়েছেন আসাদুল ইসলাম।

নির্দেশক বলেন, ‘‘ ‘নদ্দিউ নতিম’কে নিয়ে দর্শকদের স্বতঃস্ফূর্ত ও আশাতীত সাড়া আমাদেরকে আপ্লুত করেছে। যে কারণে ‘নদ্দিউ নতিম’কে নিয়ে ছুটতে হচ্ছে ক্রমাগত।

২০১৭ সালেই ‘নদ্দিউ নতিম’ নাটকটি নিয়ে দেশের বাইরে যেতে হয়েছে ৩ বার। ভারত ও ইংল্যান্ডে নাটকটির প্রদর্শনী হয়েছে ৭টি।

নতুন বছরের শুরুতেই ‘নদ্দিউ নতিম’ একটি আন্তর্জাতিক সম্মেলনে অংশ নিচ্ছে। এটি আমাদের জন্য আনন্দ ও গর্বের।”

নাটকটিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আসাদুল ইসলাম, সোনিয়া হাসান ও আর্য মেঘদূত।

সম্মেলনে মূল কার্যক্রমের পাশাপাশি একাধিক অস্থায়ী মঞ্চে চলচ্চিত্র, নাটক, আবৃত্তি, আবহমান বাংলার গান ও লোক অনুষ্ঠান পরিবেশিত হবে।

১২ বছরের ঊর্ধ্বে যে কেউ রেজিস্ট্রেশন করে সম্মেলনে অংশগ্রহণসহ নাটকটি দেখতে পারবেন।

রেজিস্ট্রেশনের লিংক: http://banglasahityasammelan.com/register/