২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিশেষ শিশুদের প্রতি সচেতনতায় শতাধিক প্রেক্ষাগৃহে ‘পুত্র’

৫ জানুয়ারি দেশের শতাধিক প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে জয়া আহসান অভিনীত বিশেষ ছবি ‘পুত্র’।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jan 2018, 07:24 PM

Updated : 08 Apr 2022, 05:41 PM

অটিজম বিষয়ে সচেতনতা বাড়াতে সরকারি উদ্যোগে নির্মিত হয়েছে চলচ্চিত্র ‘পুত্র’। শুক্রবার সারা দেশে মুক্তি পেল চলচ্চিত্রটি।

অটিজম বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে তথ্য মন্ত্রণালয়ের চলচ্চিত্র ও প্রকাশনা অধিদফতরের প্রযোজনায় নির্মিত হয়েছে চলচ্চিত্রটি।

ছবিটির কাহিনি ও সংলাপ লিখেছেন বিটিভির মহাপরিচালক হারুন-অর-রশীদ। ইমপ্রেস টেলিফিল্মের তত্ত্বাবধানে এটি নির্মাণ করেছেন সাইফুল ইসলাম মান্নু।

জয়া আহসান-ফেরদৌস অভিনীত চলচ্চিত্রটি শুক্রবার মুক্তি পেল সারাদেশের ১০৫টি প্রেক্ষাগৃহে।

বুধবার রাজধানীর ঢাকা ক্লাবে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ছবিটির পরিবেশক জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আব্দুল আজিজ।

তিনি বলেন, “তথ্যমন্ত্রণালয়ের নির্দেশে আগামী এক সপ্তাহ দেশের নির্ধারিত হলগুলোতে মুক্তি পাবে চলচ্চিত্রটি। এ এক সপ্তাহ আমরা অন্য কোনো ছবি চালাবো না।”

চলচ্চিত্রটিতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান।

গ্লিটজকে তিনি বলেন, “এটা খুবই খুশির খবর যে, ‘পুত্র’ ছবিটি রিলিজ হচ্ছে। এটা স্পেশাল চাইল্ডদের নিয়ে করা। বাংলাদেশ সরকারের এখানে একটা হস্তক্ষেপ আছে। ছবিটা আমি একটা দায়িত্ববোধের জায়গা থেকে করেছি।

আমি মনে করি ‘পুত্র’একটা মিডল ছবি, একটা মানবিক ছবি। খুবই সমসাময়িক একটা সমস্যা থেকে তৈরি করা ছবি। আমার মনে হয়, দর্শকেরও সামাজিক দায়িত্ববোধের জায়গা থেকে ছবিটা দেখা উচিত।”

‘পুত্র’ ছবির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ডলি জহুর, লায়লা হাসান, শর্মীমালা ও শিশুশিল্পী লাজিম।

ছবিটির গান গেয়েছেন সাবিনা ইয়াসমিন, বাপ্পা মজুমদার, সুজন আরিফ, রুমা ও রাতুল।