২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আবার হচ্ছে ‘লাক্স-চ্যানেল আই সুপারস্টার’ প্রতিযোগিতা

তিন বছর বিরতির পর আবারও শুরু হচ্ছে রিয়ালিটি শো ‘লাক্স-চ্যানেল আই সুপারস্টার’, যে প্রতিযোগিতায় রূপের দ্যুতির পাশাপাশি মেধা-মননের পরিচয় দিয়ে বাংলার নারীদের একজন হবেন ‘সুপারস্টার’।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jan 2018, 10:23 PM

Updated : 11 Oct 2022, 11:58 AM

‘দেখিয়ে দাও অদেখা তোমায়’- প্রতিপাদ্য নিয়ে এবারের প্রতিযোগিতা আয়োজন করা হচ্ছে।

বুধবার ওয়েস্টিন হোটেলের গ্র্যান্ড বলরুমে অনুষ্ঠিত হলো ‘চ্যানেল আই প্রেজেন্টস লাক্স সুপার স্টার’র কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠান।

শুরুতেই এবারের আয়োজনের থিম ও নেমোনিক উন্মোচন করার পর নিবন্ধন প্রক্রিয়া তুলে ধরা হয়। উন্মোচন করা হয় ওয়েবসাইটও।ডিজিটাল যুগের সঙ্গে তাল মিলিয়ে এগিয়েছে লাক্স সুপার স্টারের রেজিস্ট্রেশন প্রক্রিয়া।

লাক্স বাংলাদেশের অফিসিয়াল ওয়েবসাইট বা ফেইসবুক পেইজে গেলে জানা যাবে নিবন্ধনের বিস্তারিত।

চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর লাক্স চ্যানেল আই সুপার স্টারের এবারের আসরের আনুষ্ঠানিক যাত্রা ঘোষণা করেন। আয়োজনে প্রতিযোগিতার থিম ও ওয়েবাইট উন্মোচন করেন ইউনিলিভার বাংলাদেশ লিমিটেডের স্কিন ক্লিনজি’র ক্যাটাগরি হেড নাদিয়া তাবাস্সুম, টিভি কমার্শিয়াল ও প্রেস অ্যাডভার্টাইজমেন্টের উন্মোচন করেন ইউনিলিভার বাংলাদেশ লিমিটেডের হেড অব পারসোনাল কেয়ার নাফিস আনোয়ার।

এবারের আসরে বিচারক হিসেবে থাকছেন সাদিয়া ইসলাম মৌ, তাহসান খান ও আরিফিন শুভ। উদ্বোধন অনুষ্ঠানে উপিস্থিত ছিলেন তাহসান ও শুভ।

Image
ফাইল ফটো, সবশেষ আসরের ছবি

ফাইল ফটো, সবশেষ আসরের ছবি

নাদিয়া তাবাস্সুম বলেন, “প্রতিটি মেয়েরই বিভিন্ন দিকে গুণ রয়েছে। শুধু বাইরের সৌন্দর্য দিয়ে নারীদের বিচার করা যায় না। সময়ের সাথে সাথে আমাদের মেয়েরা যেমন বদলেছে তেমনি এ প্রতিযোগিতার চরিত্রও বদলেছে। এই আয়োজনের মধ্য দিয়ে প্রতিটি মেয়ের অনন্যতা সেলিব্রেট করতে চাই।”

নাফিস আনোয়ার বলেন, “সাবেক লাক্স সুপার স্টারদের অনেকেই এখন মিডিয়ায় নেতৃত্ব দিচ্ছে। চ্যানেল আই প্রেজেন্টস লাক্স সুপার স্টার থেকে যথাযথ ট্রেনিং, গ্রুমিং ও মেন্টরিংয়ের মাধ্যমে যারা বের হয়ে আসবে তারাও একদিন শীর্ষস্থানে পৌঁছে যাবে বলে আমার বিশ্বাস।”

ফরিদুর রেজা সাগর বলেন, “দেশের নারীদের মধ্য থেকে প্রেরণাদায়ী প্রতিনিধিকে খুঁজে নেব আমরা। এবারের বিজয়ীরাও আগের মতোই চ্যানেল আইয়ের নাটক, চলচ্চিত্র ও টেলিফিল্মের মধ্য দিয়ে তাদের মিডিয়ায় যাত্রা শুরু করবেন।”

এ বছরের লাক্স সুপার স্টার ক্রাউন বিজয়ীর জন্য থাকছে একটি ব্র্যান্ড নিউ গাড়ি ও পাঁচ লাখ টাকা। বিজয়ী বাংলাদেশে লাক্সের ব্র্যান্ড এম্বাসেডর ও ইউনিলিভার ব্র্যান্ড কমিউনিকেশনসে পারফর্ম করবেন।

শীর্ষস্থানীয় ম্যাগাজিনগুলোতে ‘কাভার গার্ল’ হওয়ার সুযোগের সঙ্গে বাংলাদেশ ফিল্ম অ্যান্ড টেলিভিশন একাডেমিতে গ্রুমিং কোর্সে ভর্তি  হতে পারবেন নতুন সুপার স্টার। এছাড়াও চ্যানেল আইয়ের পক্ষ থেকে থাকছে ইমপ্রেস টেলিফিল্ম নির্মিত চলচ্চিত্রে প্রধান চরিত্রে এবং চ্যানেল আইয়ের বিশেষ নাটকে অভিনয়ের সুযোগ। 

প্রথম রানার আপ পাবেন চার লাখ টাকা, দ্বিতীয় রানার আপের জন্য থাকছে তিন লাখ টাকা পুরস্কার। দুজনেই ইউনিলিভারের ব্র্যান্ড কমিউনিকেশনসে পারফর্ম করার সুযোগ পাবেন।তারা দুজনও বাংলাদেশ ফিল্ম অ্যান্ড টেলিভিশন একাডেমিতে গ্রুমিং কোর্সে ভর্তির সুযোগ পাবেন।