তাহসান-পূজা’র ‘একটাই তুমি’
নতুন বছরের শুরুতে প্রকাশিত হতে যাচ্ছে জনপ্রিয় সংগীতশিল্পী তাহসান ও বাঁধন সরকার পূজার রোমান্টিক গানের ডুয়েট।
আবারও একসঙ্গে গাইলেন তাহসান ও পূজা। ‘একটাই তুমি’ শীর্ষক রোমান্টিক ঘরানার গানটির কথা লিখেছেন সোমেশ্বর অলি। এর সুর ও সংগীত আয়োজন করেছেন সাজিদ সরকার।
সম্প্রতি ঢাকা শহরের বিভিন্ন লোকেশনে চিত্রায়িত হয়েছে এই গানের ভিডিও।
গানটির ভিডিও নির্মাণ করেছেন শাহরিয়ার পলক। এতে মডেল হিসেবে দেখা যাবে শার্লিনা এবং সুমিতকে।
গানটি প্রসঙ্গে তাহসান বলেন, “পূজার সাথে এর আগেও আমার কাজ হয়েছে। চমৎকার গানের গলা তার। আর গানটিও দু’জনের কণ্ঠ অনুযায়ী তৈরি করেছেন গানের সাথে সংশ্লিষ্ট সবাই। এক কথায় অসাধারণ। ভালো লাগবে দর্শক-শ্রোতার।”
পূজা বলেন, “তাহসান ভাইয়া আমার অনেক পছন্দের শিল্পী। তার সঙ্গে আবারও গান করতে পেরে ভালো লাগছে। সব মিলিয়ে বলব, গতানুগতিক ধারার বাইরের কাজ হয়েছে এটি। ভিডিওটিও চমৎকার একটি গল্পে নির্মিত হয়েছে। আশা করছি গানটি দর্শক-শ্রোতাদের ভালো লাগবে।”
আগামীকাল ৪ জানুয়ারি ধ্রুব মিউজিক স্টেশনের ইউটিউব চ্যানেলে প্রকাশিত হবে গানটি। পাশাপাশি শ্রোতারা শুনতে পাবেন জিপি মিউজিক, ইয়োন্ডার মিউজিক এবং বাংলালিংক ভাইবে।
