২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শিল্পকলায় নাট্যধারা’র ‘আয়না বিবির পালা’

নতুন বছরের শুরুতেই ‘আয়না বিবির পালা’ নাটক নিয়ে মঞ্চে আসছে নাট্যধারা।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jan 2018, 05:35 PM

Updated : 11 Oct 2022, 11:58 AM

আগামী ৩ জানুয়ারি বাংলাদেশ শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে সন্ধ্যা ৭টায় মঞ্চস্থ হবে নারী জাগরণের নাটক ‘আয়না বিবির পালা’।

লোকসাহিত্য সংকলন ময়মনসিংহ গীতিকার ‘আয়নাবিবি’ হলো নারীর প্রতি সমাজের অমানবিকতার অন্যতম দৃষ্টান্ত। তবুও কিছু নারী হয়ে ওঠে প্রতিবাদী। শৃঙ্খলভাঙা প্রতিবাদী এক নারীর গল্প নিয়ে নাট্যধারার ২০তম প্রযোজনা ‘আয়না বিবির পালা’। রবিউল আলমের নাট্যরূপ ও নির্দেশনায় নাটকটির নবনির্দেশনা ও কোরিওগ্রাফ করেছেন লিটু সাখাওয়াত। নাট্যধারা নাটকটিতে পালারীতি থেকে কিছুটা বেরিয়ে এসেছে।

নির্দেশক লিটু সাখাওয়াত নাটকটি প্রসঙ্গে বলেন, “বাঙালি সংস্কৃতির অন্যতম প্রধান ঐহিত্য পালাগান। এই ধারার প্রতি আমার রয়েছে গভীর ভালোবাসা। যখন থেকে থিয়েটার শুরু করেছি, তখন থেকেই স্বপ্নলালন করতাম অন্তরে। সেই স্বপ্ন বাস্তবায়নের সুযোগ পেয়েছি।

আর নাট্যধারার কর্মীদের অক্লান্ত পরিশ্রমের ফসল এই প্রযোজনা। খোলা আকাশের নীচে উন্মুক্ত প্রান্তরে পালাকার যা শতবছর ধরে পরিবেশন করে আসছে, তা আমরা প্রসেনিয়ামের ঘেরাটোপে সুনির্দিষ্ট চরিত্রায়নের মাধ্যমে দর্শকের সামনে তুলে ধরেছি।”

নাটকের সঙ্গীত পরিচালনা করেছেন লিটু সাখাওয়াত এবং সব্যসাচী চঞ্চল। পোশাক ও মুখোশ ডিজাইন করেছেন শুচিস্মিতা বোস শাওলী। সেট করেছেন রফিকুল ইসলাম এবং আলোক পরিকল্পনায় আছেন শাকিল আহমেদ।

এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন লিটু সাখাওয়াত, দীপান্বিতা, গাজী রহিসুল ইসলাম তমাল, কামাল হোসেন, হাফসা আক্তার, রুবেল, সব্যসাচী চঞ্চল, রফিকুল ইসলাম, মিরাজ, রবিন, নাঈম, ইমরান প্রমুখ।