শিল্পকলায় যন্ত্রসংগীত উৎসব শুরু
বিলুপ্তপ্রায় দেশীয় বাদ্যযন্ত্র পুনরুদ্ধারের পাশাপাশি যন্ত্রীদের পৃষ্ঠপোষকতার প্রত্যয় জানিয়ে রাজধানীর শিল্পকলা একাডেমিতে শুরু হয়েছে দশদিনের যন্ত্রসংগীত উৎসব।
সোমবার বিকালে উৎসবের উদ্বোধন করেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর।
একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বরেণ্য গিটারবাদক এনামুল কবির। স্বাগত বক্তব্য রাখেন সরকারি সংগীত কলেজের শিক্ষক ও উৎসবের সমন্বয় কমল খালিদ।
অনুষ্ঠানের উদ্বোধনী পর্বে একতারা, দোতারা, বাঁশিতে লালনের ‘ধন্য ধন্য বলি তারে’ গানের সুর তোলেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা যন্ত্রীরা।
ঢাকা ও ঢাকার বাইরের ১২০০ যন্ত্রশিল্পী অংশ নিচ্ছেন শিল্পকলা একাডেমি আয়োজিত এ উৎসবে।
উদ্বোধনী দিনে মো. মনিরুজ্জামানের নেতৃত্বে পরিবেশিত হয় অর্কেস্ট্রা ‘উড়ন্ত পাখি’। মনিরুজ্জামান বৈদ্যুতিক বাঁশি, সিলভার বাঁশি, সেক্সোফোন, সুপ্রানো সেক্সোফোন ও বাঁশি পরিবেশন করেন।
তার সঙ্গে সেতারে ছিলেন ফিরোজ খান, সরোদে ইউসুফ খান, গিটারে রিচার্ড কিশোর, পারকাশনে একরাম হোসেন, কি-বোর্ডে রবিনস চৌধুরী, অক্টোপ্যাডে শেখ পুলক, পাখওয়াজে সুষেণ কুমার রায়, তবলায় ইফতেফার আলম ডলার, বেহালায় মো. নুরুজ্জামান এবং কণ্ঠে ছিলেন স্বরলিপি। অর্কেস্ট্রা পরিবেশনা শেষে এনামুল কবির পরিবেশন করেন হাওয়াইন গিটার।
পরে বিভিন্ন বাদ্যযন্ত্র বাজিয়ে শোনান বিভিন্ন জেলা থেকে আগত শিল্পীরা। এ পর্বের শুরুর পরিবেশনায় ছিলেন চট্টগ্রাম জেলার যন্ত্রীরা।
এরপর মঞ্চে আসেন রংপুর জেলার শিল্পীরা। তারা দলীয়ভাবে পরিবেশন করেন রাগ ইমন।
সেতারে রাগ চারুকেশী পরিবেশন করেন আহসান হাবীব। সন্তুরের যুগলবন্দীতে তমাল কান্তি লাহিড়ী, শহিদুজ্জামান ও পলক পরিবেশন করেন রাগ হংসধ্বনি।
পরিবেশনা ছিল নারায়ণগঞ্জের শিল্পীদের। এ পর্বে তবলায় রাগ চন্দ্রকোষ ও ধুন পরিবেশন করেন সবুজ আহমেদ। একই রাগ ও ধুনে বেহালায় পৃথক পরিবেশনায় অংশ নেন শিল্পী শান্ত আহমেদ ও কামরুল আহমেদ।
মঙ্গলবার দ্বিতীয় দিনের আয়োজনে সেতার পরিবেশন করবেন ফিরোজ খান, বেহালা আবরার এবং বাঁশি পরিবেশন করবেন ওস্তাদ আজিজুল ইসলাম। পাশাপাশি থাকছে সুনামগঞ্জ, যশোর, রাজবাড়ী, নাটোর, বরগুণা ও মেহেরপুরের শিল্পীদের পরিবেশনা।
নৃত্যাচার্য বুলবুল চৌধুরীর জন্মদিন উদযাপন
শুধু বিনোদনের মাধ্যম হিসেবে নয়, সমাজের নানা অসঙ্গতি ও মানুষের লুকায়িত বেদনা তুলে ধরতে এবং প্রতিবাদের হাতিয়ার হিসেবেও নাচকে ব্যবহার করেছিলেন ‘নৃত্যাচার্য’ বুলবুল চৌধুরী।
সোমবার বাংলাদেশের নৃত্যাঙ্গনের অগ্রদূতের ৯৯তম জন্মদিনে আয়োজিত এক অনুষ্ঠানে এমনই মন্তব্য করেছেন সংস্কৃতিজনরা।
এ উপলক্ষে সন্ধ্যায় শিল্পকলাএকাডেমির জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থা ও শিল্পকলা একাডেমি যৌথভাবে আয়োজন করে আলোচনা, পদক বিতরণ ও নৃত্যানুষ্ঠানের।
শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকীর সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন প্রবাসী নৃত্যশিল্পী দুলাল তালুকদার। শুভেচ্ছা বক্তৃতা করেন নৃত্যশিল্পী সংস্থার সভাপতি মীনু হক ও স্বাগত বক্তৃতা করেন মাহফুজুর রহমান।
বুলবুল চৌধুরীর কর্মময় জীবনের ওপর আলোকপাত করে বক্তৃতা করেন একুশে পদকপ্রাপ্ত নৃত্যশিল্পী আমানুল হক, লায়লা হাসান ও নৃত্যশিল্পী সংস্থার উপদেষ্টা নৃত্যশিল্পী গোলাম মোস্তফা।
পরে বাংলাদেশে নৃত্য শিল্পে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ প্রয়াত রামকান্ত সিংহকে দেওয়া ‘বুলবুল চৌধুরী সম্মাননা পদক ২০১৭’ (মরণোত্তর)। শিল্পীর পক্ষে পদক নেন তার মেয়ে নমিতা চৌধুরী।
দ্বিতীয় পর্বে ছিল নৃত্যানুষ্ঠান।
