‘নাচো সব ভুলে’
নতুন বছরের শুরুতেই চমক নিয়ে এলেন কণ্ঠশিল্পী কোরিওগ্রাফার আর্শিনা প্রিয়া।
বছরের শুরুতেই নাচে গানে দর্শক-শ্রোতাদের বিনোদিত করতে নতুন মিউজিক ভিডিও নিয়ে হাজির হলেন আর্শিনা প্রিয়া।
বছরের প্রথম দিনে অনলাইনে প্রকাশ হয়েছে তার ‘নাচো সব ভুলে’ শিরোনামে গানের মিউজিক ভিডিওটি। আর্শিনা প্রিয়ার কোরিওগ্রাফিতে গানের মিউজিক ভিডিও নির্মাণ করেছেন হলিউড ডিরেক্টর ডেবি ডিয়ার, ক্যামেরায় ছিলেন ইয়ন ইসমিত।
বিগ বাজেটের মিউজিক ভিডিওটির শুটিং হয়েছে কানাডার টরন্টোতে। ভিডিওতে আর্শিনা প্রিয়ার পাশাপাশি মডেল হয়েছেন বিদেশী ৮ জন মডেল, যারা পেশাদার নৃত্যশিল্পী। ‘নাচো সব ভুলে’ শিরোনামে গানটি লিখেছেন মেহেদি হাসান লিমন। সুর ও সংগীত পরিচালনা করেছেন প্রতীক হাসান ।
আর্শিনা প্রিয়া বলেন, “১৪ ফেব্রুয়ারি আমার ইউটিউব চ্যানেলে প্রথম মিউজিক ভিডিও এপি শিরোনামে প্রকাশ করেছি আমি। সেই মিউজিক ভিডিও খুব প্রসংশিত হয়েছে। তারই ধারাবাহিকতায় আমার প্রথম অ্যালবামের আর একটি গান আবার মিউজিক ভিডিও করার উদ্যেগ নিলাম। থার্টি ফাস্ট নাইট উপলক্ষে বছরের প্রথম দিনে ফুল মিউজিক ভিডিও প্রকাশ করা হয়েছে। ”
কণ্ঠশিল্পী-কোরিওগ্রাফার পরিচয়ের বাইরেও চিত্রনায়ক বাপ্পারাজ পরিচালিত ‘কার্তুজ’ সিনেমার আইটেম গানে পারফর্ম করেন আর্শিনা প্রিয়া। আইটেম গানের পাশাপাশি সিনেমাটিতে একটি গানে কিশোরের সঙ্গে প্লেব্যাকও করেন তিনি।
এর আগে তিনি মডেল হিসেবে ‘বনফুল মিষ্টি’, ‘মেডিনোভা’সহ বেশ কয়েকটি বিজ্ঞাপনেও কাজ করেছেন তিনি।
