২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘ঊনপঞ্চাশ বাতাস’: নায়িকা শার্লিন, নায়ক বর্ষণ

তারকা নয়, গল্পের শক্তি দেখাবে চলচ্চিত্র ‘ঊনপঞ্চাশ বাতাস’- এমনই আত্মবিশ্বাস নির্মাতা মাসুদ হাসান উজ্জ্বলের। তবে কিছুটা রহস্য করেই অবশেষে নাম প্রকাশ করলেন তার নির্মিত প্রথম চলচ্চিত্রের প্রধান দুই চরিত্রের।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jan 2018, 07:39 PM

Updated : 11 Oct 2022, 11:57 AM

‘ঊনপঞ্চাশ বাতাস’-এর মাধ্যমেই চলচ্চিত্রে অভিষেক ঘটছে ছোটপর্দার অভিনেত্রী শার্লিন ফারজানার। তার সঙ্গে সহশিল্পী হিসেবে বড়পর্দায় নায়ক হিসেবে অভিষেক ঘটছে ইমতিয়াজ বর্ষণের।

সোমবার গ্লিটজকে তথ্যটি জানিয়ে নির্মাতা বলেন, “নতুনদের নিয়ে কাজ করার সুবিধা এবং অসুবিধা দুইই আছে । অভিনয়ে যে দক্ষতা বা পরিপক্কতা একটা চলচ্চিত্রের জন্য দরকার হয়, সেটা হয়তো অতটা তৈরি অবস্থায় পাওয়া যায় না । সেই জন্য আমরা ৩ মাস টানা লাইট এবং ক্যামেরার সামনে মহড়া করেছি ।”

নির্মাতার দাবি তিন মাসের গ্রুমিং সেসনের ফলে চরিত্রের সঙ্গে মিশে যেতে পেরেছেন তার দুই নতুন চমক। তার ভাষ্যে, “শুটিংয়ে আমরা শার্লিন ফারজানা বা ইমতিয়াজ বর্ষণকে নিয়ে যাই নি, আমরা নিয়ে গিয়েছি অয়ন এবং নীরাকে। এখন চোখ বন্ধ করে বলে দেওয়া যায় তাদের অভিনয়ে কোনো ধরনের পরিপক্কতার অভাব চোখে পড়বে না । দু’জনেই দুর্দান্ত অভিনয় করেছেন।”

চলচ্চিত্রটির মিউজিক ডিরেক্টর নির্মাতা নিজেই। জানালেন, চলচ্চিত্রটির জন্য একটি গান গাইবেন দুই বাংলার জনপ্রিয় একজন শিল্পী। অক্টোবরে শুরু হয়েছে এর নির্মাণ কাজ। ইতিমধ্যে চলচ্চিত্রটির নির্মাণ কাজ শেষের পথে। চলছে সম্পাদনার কাজ। মুক্তি এ বছরেই।