২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সেরা অভিনেত্রী অপু

‘রাজনীতি’ চলচ্চিত্রে অভিনয়ের সুবাদে চলচ্চিত্র বিভাগে সেরা অভিনেত্রী হিসেবে ‘এটিএন বাংলা পারফর্মেন্স অ্যাওয়ার্ড’ পেলেন চিত্রনায়িকা অপু বিশ্বাস।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Dec 2017, 09:38 PM

Updated : 11 Oct 2022, 02:53 PM

বুধবার ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরার নবরাত্রীতে আয়োজিত এক অনুষ্ঠানে তার হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

বেসরকারি স্যাটেলাইট টিভি এটিএন বাংলা প্রথমবারের মতো এ পুরস্কার প্রবর্তন করে। টেলিভিশন, সংগীত, নৃত্য ও চলচ্চিত্র বিভাগে শ্রেষ্ঠত্বের বিচারে এ পুরস্কার দেওয়া হয়েছে।

অনুষ্ঠানে সাবিনা ইয়াসমিন ও সৈয়দ আব্দুল হাদীকে আজীবন সম্মাননা প্রদান করা হয়। বিশেষ সম্মননা প্রদান করা হয় সংগীতশিল্পী মমতাজ বেগম ও র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ানকে (র‌্যাব)।

চলচ্চিত্র, টেলিভিশন, সঙ্গীত, নৃত্য শাখায় কাজের স্বীকৃতিস্বরূপ এবার পুরস্কার পেয়েছেন হানিফ সংকেত, বৃন্দাবন দাস, অপূর্ব, তিশা, ইভা রহমান, বাপ্পা মজুমদার, শাকিব খান, অপু বিশ্বাস, দীপংকর দীপনসহ আরও অনেকে।

বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন মুস্তাফা জামান আব্বাসী, গাজী মাজহারুল আনোয়ার, মোহাম্মদ খুরশীদ আলম, ইমদাদুল হক মিলন, আনিসুল হক, দিলারা জামান, আমজাদ হোসেন, ফাতেমা-তুজ- জোহরা, চিত্রনায়ক ফারুক, চিত্রনায়ক সোহেল রানাসহ আরও অনেকে।

অ্যাওয়ার্ড প্রদানের ফাঁকে ছিল মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। নৃত্য পরিবেশন করেন অপু বিশ্বাস, পূর্ণিমা, মেহজাবীন চৌধুরী, চাঁদনী, ইভান ও তার দল। সংগীত পরিবেশন করেন সংগীতশিল্পী কনকচাঁপা, আঁখি আলমগীর, ইমরান প্রমুখ। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন জ. ই. মামুন, নাবিলা, নিরব ও তনিমা দাস।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এটিএন বাংলা ও এটিএন নিউজের চেয়ারম্যান মাহফুজুর রহমান ও এসিআই কনস্যুমার ব্র্যান্ডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী সৈয়দ আলমগীর।