‘আজীবন নিষিদ্ধ’ হতে পারেন অনন্য মামুন
সাংস্কৃতিক অনুষ্ঠানের আড়ালে বিদেশে মানব পাচারের অভিযোগের সত্যতা পেলে অভিযুক্ত পরিচালক অনন্য মামুনকে ‘আজীবন নিষিদ্ধ’ করবে বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি।
বৃহস্পতিবার সন্ধ্যায় ডাকা এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে গ্লিটজকে জানিয়েছেন চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার।
বৈঠকে অনন্য মামুনের সদস্যপদ সাময়িকভাবে স্থগিত করা হয়েছে বলেছেন তিনি।
গুলজার গ্লিটজকে বলেন, “এখন সে পরিচালক হিসেবে কোনো সুযোগ-সুবিধা পাবে না। বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদের সূত্র ধরেই তার সদস্যপদ স্থগিত করেছি। তার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে আজীবন নিষিদ্ধ হতে পারেন।”
অনন্য মামুনের কারণে বিশ্বে বাংলাদেশের ইমেজ ক্ষুন্ন হয়েছে উল্লেখ করে দেশের বাইরে শুটিং করার সময় পরিচালক সমিতির অন্যান্য সদস্যদেরও সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
‘বাংলাদেশি নাইট’ নামে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আড়ালে মানব পাচারের অভিযোগে ২৪ ডিসেম্বর কুয়ালালামপুরের একটি হোটেল থেকে আটক করা হয় অনন্য মামুনকে। এখনও তিনি ছাড়া পাননি।
নাম প্রকাশ না করার শর্তে বাংলাদেশ কমিনিউটির একাধিক নেতা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এই অনুষ্ঠানের নামে শিল্পী-কলাকুশলী ছাড়াও ত্রিশ থেকে চল্লিশজন সাধারণ মানুষকে টাকার বিনিময়ে মালয়েশিয়ায় নেওয়া হয়েছে।
এর আগে শনিবার রাতে কুয়ালালামপুরে ওয়াসমা এমসিএ মিলনায়তনে অনুষ্ঠিত হয় ‘বাংলাদেশি নাইট’ নামের ওই অনুষ্ঠান। এতে নাচ-গান পরিবেশন করেন আসিফ, আঁখি আলমগীর, এইচ এম রানা, শখ, ইমন, নিরব, মিষ্টি জান্নাত, আমানসহ অনেকে।
বছর দুয়েক আগেও একবার নিষেধাজ্ঞার মুখে পড়েছিলেন তরুণ এ নির্মাতা। শিক্ষাগত যোগ্যতার জাল সনদপত্র, জালিয়াতি করে যৌথ প্রযোজনার চলচ্চিত্রের নামে ভারতীয় ছবি বাংলাদেশে প্রদর্শনের অভিযোগে তার সদস্য পদ বাতিল করা হয়েছিল। পরে অঙ্গীকারনামা দিয়ে সদস্যপদ ফিরে পেয়েছিলেন।
