২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘হালদা’ নিয়ে ইতিবাচক প্রতিক্রিয়াই বেশি পেয়েছি: তৌকির

মুক্তির চতুর্থ সপ্তাহেও সিনেমাহলগুলোতে চলছে ‘হালদা’। এরই মধ্যে আমেরিকা কানাডা, মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে তিনশ’রও বেশি শো অনুষ্ঠিত হয়েছে। বাণিজ্যিকধারার ছবি না হয়েও হালদা’র প্রতি দর্শকের এমন আগ্রহকে চলচ্চিত্রটির সাফল্যই ভাবছেন নির্মাতা তৌকির আহমেদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

রুদ্র হক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Dec 2017, 06:56 PM

Updated : 11 Oct 2022, 02:52 PM

“আমার ছবিটাতো সেরকম বাণিজ্যিক ধারার না। ইনডিপেন্ডেন্ট ফিল্মই বলা চলে। এটাতো খুবই আশাব্যঞ্জক যে এ ধরণের ছবি লোকে দেখছে, এবং হাউজফুল করেই দেখছে। যেমন আমি শুনেছি স্টার সিনেপ্লেক্সে গতকালও (শুক্রবার) দু’টো শো হাউজফুল গেছে। বেশ দর্শক ছিলো। আমার ছবি যে সব জায়গায় ভালো চলবে এমন কোন কথাও নেই।

‘কিন্তু যারা আসছেন, দেখছেন, চতুর্থ সপ্তাহে চলছে, চট্টগ্রামের আলমাসেও চতুর্থ সপ্তাহ চলছে। সারাদেশ মিলে পাঁচ-সাতটা হলেতো চলছেই।”-চতুর্থ সপ্তাহ পেরুনোর পর ‘হালদা’ প্রসঙ্গে এমনটাই বললেন নির্মাতা তৌকির।

অভিনেতা হিসেবে জনপ্রিয়তার পাশাপাশি নির্মাতা হিসেবেও দর্শকের আস্থা কুড়িয়েছেন তৌকির আহমেদ। দেশ-বিদেশে ‘অজ্ঞাতনামা’ চলচ্চিত্রে প্রশংসা প্রাপ্তির পর তার পঞ্চম চলচ্চিত্র ‘হালদা’ নিয়েও দর্শকমহলে আগ্রহের কমতি ছিলো না।

নদীসংকট নিয়ে নির্মিত চলচ্চিত্রটিও ইতিমধ্যেই দর্শক প্রশংসা কুড়িয়েছে। সম্প্রতি মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্রগুলো নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে নানামুখী সমালোচনার ঝড় উঠলেও ‘হালদা’র ক্ষেত্রে হয়নি তেমন।

তৌকির বলেন, “হালদা’ নিয়ে ইতিবাচক প্রতিক্রিয়াই বেশি পেয়েছি। এত রিভিউ এসেছে, তারমধ্যে নেতিবাচক প্রতিক্রিয়া খুব কমই ছিলো।”  

তবে, নির্মাতা তৌকির সমালোচনা আর প্রতিক্রিয়াকে এক করে দেখতে চান না। তার ভাষ্যে, “সমালোচনার সুযোগ আছে, যেহেতু সবার হাতেই এখন ফেসবুক আছে।  প্রত্যেকেই তাদের মতামত ব্যক্ত করবেন, এটাই স্বাভাবিক। এটাকে আমি স্বাগতও জানাই। সবাই হয়তো কমেন্ট করতে পারেন, তাই বলে সবার কিন্তু রিভিউ করার যোগ্যতা নেই। সেই জায়গা থেকে আমি রিভিউ তাদের থেকেই আশা করবো, যারা মাধ্যমটিকে ভালোভাবে বোঝেন। বা যারা আমাদের দিকনির্দেশনা দিতে পারবেন।

‘আরেকটা জিনিস আশা করবো, যেটা সাম্প্রতিক সময়ে দেখেছি, উত্তপ্ত বাক্যবিনিময় হচ্ছে, গালাগালি করছেন, এটা আসলে কাম্য নয়। দর্শক-নির্মাতা দু’জন মিলেই শিল্পটাকে সফল করবেন। দর্শক-নির্মাতা সম্পর্কটা তাই সুস্থ এবং স্বাভাবিক থাকা দরকার।”

চলচ্চিত্রটির প্রচারণায় এখনও বিভিন্ন হলে যাচ্ছেন ছবির কলাকুশলীরা। গতকাল শুক্রবার বলাকা সিনেমা হলে যান তৌকিরসহ ছবির প্রধান চরিত্রে অভিনয় করা তিশা ও জাহিদ হাসান। এসময় আরও উপস্থিত ছিলেন ফজলুর রহমান বাবু, শাহেদ আলী সুজন ও হালদা টিম।

প্রসঙ্গত, গত ১ ডিসেম্বর সারা দেশে ৮১ টি সিনেমা হলে মুক্তি পায় ‘হালদা’। মুক্তির পর থেকে ঢাকার বসুন্ধরা সিনেপ্লেক্স, যমুনা ব্লকবাস্টার ও চট্টগ্রামের আলমাস সিনেমা হলে টানা চার সপ্তাহ দর্শক টানছে চলচ্চিত্রটি। মাঝে দুই সপ্তাহ থেমে থাকার পর ঢাকার বলাকা ও শ্যামলী সিনেপ্লেক্স ও দিয়াবাড়ী’র ফ্যান্টাসী সিনেপ্লেক্সেও পুনরায় প্রদর্শিত হচ্ছে চলচ্চিত্রটি।