২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আনুশকাকে এতো সুন্দর ও সুখী আগে কখনও লাগেনি: রণবীর

বিরাট কোহলি ও আনুশকা শর্মার বিয়ে ও বিবাহোত্তর সংবর্ধনা এ মুহূর্তে বলিউডের অন্যতম আলোচনার বিষয়। সম্প্রতি এক টু্ইট পোস্টে ‘অ্যাই দিল হ্যায় মুশকিল’ সহ-অভিনেত্রী আনুশকার স্বপ্নীল বিয়ে ও জমকালো রিসেপশন নিয়ে বললেন রণবীর কাপুর।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Dec 2017, 07:52 PM

Updated : 19 Aug 2022, 06:13 PM

২০১৬ সালের সাড়াজাগানো সিনেমা ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’-এর ‘চান্না মেরেইয়া’ গানের কথা নিশ্চই মনে আছে সবার? এ গানে আনুশকার বিয়েতে হাতে মেহেদি পরে নাচতে দেখা গিয়েছিলো রণবীরকে।

সত্যি সত্যিই বিয়ের পিঁড়িতে বসেছেন আনুশকা। প্রিয় বন্ধু ও সহ-অভিনেত্রী আনুশকার বিয়ে নিয়ে রণবীরের মজার টুইট সাড়া ফেলেছে সামাজিক যোগোযোগ মাধ্যমে।

ইন্ডিয়া টুডে জানায়, বৃহস্পতিবার ‘চ্যাট উইথ রণবীর’ নামের এক টু্ইটার পেইজে ভক্তদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিচ্ছিলেন রণবীর।

এ সময় ‘বিরুশকা’র বিয়ে প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে রণবীর লিখেছেন,“ভেবেছিলাম তাদের বিয়েতে আমাকে দাওয়াত দিবে। সেজন্য হাতে মেহেদি পরে অপেক্ষাও করছিলাম! কিন্তু আমাকে কিছুই বলেনি তারা!”

 

১১ ডিসেম্বর ইতালির টুসকানিতে মনোরম আয়োজনে কেবল মাত্র ঘনিষ্ঠজনদের নিয়েই বিয়ের আনুষ্ঠানিকতা সারেন বিরাট ও আনুশকা।

ভক্তদের মতে রণবীরের ‘চান্না মেরেইয়া’ গানটি ছাড়া বিয়ের এ আয়োজন থেকে গেছে ‘অসম্পূর্ণ’।

এ মন্তব্যের জবাবে রণবীর লিখেছেন,“হ্যাঁ এটা খুবই দুঃখজনক যে এ বিষয়ে আমি কিছুই জানতাম না! তবে আমি একই সঙ্গে খুব আনন্দিত। কারণ আনুশকাকে দেখতে এতো সুন্দর ও সুখী এর আগে কখনো লাগেনি।”

 

বিয়েতে উপস্থিত না থাকলেও ২৬ ডিসেম্বর মুম্বাইতে বিরাট-আনুশকার গ্র্যান্ড রিসেপশনে নিশ্চয় দেখা যাবে রণবীরকে।

সম্প্রতি সঞ্জয় দত্তের জীবনীতে অভিনয় করেছেন তিনি। সামনেই আলিয়া ভাটের বিপরীতে ‘ব্রক্ষ্মাস্ত্র’ সিনেমার শুটিং শুরু করতে যাচ্ছেন ‘জগ্গা জাসুস’ অভিনেতা।