ইমরানের সঙ্গী এবার সাফা কবির
গানের পাশাপাশি মিউজিক ভিডিওতেও বেশ জোর দিচ্ছেন সংগীতশিল্পী ইমরান, নতুন বছরে আসছেন নতুন চমক নিয়ে।
নতুন বছরে শ্রোতাদের নতুন গান উপহার দিতে ব্যস্ততায় দিন কাটছে জনপ্রিয় শিল্পীদের। সংগীতশিল্পী ইমরানও আসছেন নতুন চমক নিয়ে। শুধু গান নয়, গানের পাশাপাশি মিউজিক ভিডিওতে চমক রাখছেন এ শিল্পী।
‘তুমি’ শিরোনামের নতুন গানটিতে ইমরানের সঙ্গী হয়েছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী ও মডেল সাফা কবির। গানের সূত্রে মিউজিক ভিডিওতে দু’জনের রোমান্স দেখতে পাবেন দর্শক।
গত ১৯ ও ২০ ডিসেম্বর মিউজিক ভিডিওটির শুটিং হয়েছে ঢাকার অদূরে আশুলিয়ায়। সিএমভি’র ব্যানার থেকে এটি নির্মাণ করেছেন স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাতা ভিকি জাহেদ।
‘তুমি’ শিরোনামের নতুন এই গানটি লিখেছেন মেহেদী হাসান লিমন, সুর করেছেন নাজির মাহমুদ আর কণ্ঠের পাশাপাশি এতে সংগীতায়োজন করেছেন ইমরান নিজেই।
এ প্রসঙ্গে তিনি বলেন, “অসম্ভব সুন্দর একটি গান। এর ভিডিও পরিকল্পনাও বেশ ইউনিক। মডেল হিসেবে পেয়েছি সাফা কবিরের মতো জনপ্রিয় মুখকে। তাকে নিয়ে এটাই আমার প্রথম কাজ।
সব মিলিয়ে নতুন বছরের প্রথম চমক হিসেবে কাজটি করার চেষ্টা করেছি। আমার বিশ্বাস মিউজিক ভিডিওটি শ্রোতা-দর্শকদের জন্য নতুন বছরের অন্যতম উপহার হবে।”
সাফা কবির বললেন, “এ পর্যন্ত মাত্র একটি মিউজিক ভিডিওর কাজ করেছি। সাধারণত এই কাজটি আমি করতে চাই না। তবে ইমরানের এই গানটি শোনার পর এবং ভিডিও পরিকল্পনা জানার পর আগ্রহ নিয়েই কাজটি করলাম। ভালো একটা কাজ হলো আমাদের।”
প্রযোজনা প্রতিষ্ঠান সিএমভি জানায়, ২০১৮ সালের প্রথম মাসের প্রথম সপ্তাহেই ভিডিওটি প্রকাশ করা হবে প্রতিষ্ঠানটির ইউটিউব চ্যানেলসহ বিভিন্ন অনলাইন মাধ্যমে ।
