‘ওয়ারফেজ’ ছাড়লেন কমল
‘শারীরিক অসুস্থতার কারণে’ জনপ্রিয় ব্যান্ড ‘ওয়ারফেজ’ ছাড়লেন গিটারিস্ট ইব্রাহিম আহমেদ কমল। বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে তিনি এ ঘোষণা দেন।
ফেইসবুকে তিনি লিখেন, “হেভি মেটাল গান করতে গেলে শারীরিকভাবে সুস্থ থাকাটা জরুরি। খেলোয়াররা ইনজুরিতে পড়লে যেমন তাদের পর্যাপ্ত চিকিৎসা ও বিশ্রামের প্রয়োজন তেমনি হেভি মেটালে যারা গান করেন তাদেরও বিশ্রাম দরকার।
২০১০ সালে গুরুতর ইনজুরিতে পড়ি। এখনও পুরোপুরি সুস্থ নয়। চিকিৎসকরা আমাকে বিশ্রামে থাকতে বলেছেন। আমি বিদায় নিচ্ছি।”
কমলের ব্যান্ড ছাড়ার বিষয়টি ‘ওয়ারফেজ’-এর দলনেতা শেখ মনিরুল আলম টিপুও গ্লিটজকে নিশ্চিত করেছেন। তিনি আশা করছেন, কমল ওয়ারফেজের পাশেই থাকবেন সবসময়।
কমলের জায়গায় সামির দাসকে দেখা যাবে পরবর্তী স্টেজ শো’গুলোতে। বাকি সবাই ঠিক থাকছেন। কীবোর্ডে শামস, ভোকালে পলাশ নূর, লিড গিটারে সামির দাস, বেইজ গিটারে নাইম হক, গিটারে সামির হাফিজ ও ড্রামসে শেখ মনিরুল আলম টিপু।
১৯৮৪ সালের ৫ জুন ব্যান্ডটি প্রতিষ্ঠিত হয়। সম্প্রতি জনপ্রিয় ওয়েবসাইট দ্য টপটেনস ডট কমের করা জরিপে ‘টপ টেন হার্ড রক ব্যান্ডস’ ক্যাটাগরিতে চতুর্থ স্থানে উঠে এসেছে ব্যান্ডটি।
