২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সমস্যা জয় করে কীভাবে শিক্ষক হলেন রানি?

মুক্তি প্রতিক্ষিত ‘হিচকি’ সিনেমায় তোতলামির সমস্যায় আক্রান্ত নারীর চরিত্রে বাজিমাৎ করলেন রানি মুখার্জী।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Dec 2017, 09:26 PM

Updated : 19 Aug 2022, 06:13 PM

সর্বশেষ ২০১৪ সালে নারীপ্রধান সিনেমা ‘মর্দানি’তে দেখা গিয়েছিল বলিউড অভিনেত্রী রানি মুখার্জীকে। এরপর যশরাজ ফিল্মস-এর কর্ণধার আদিত্য চোপড়ার সঙ্গে বিয়ে এবং মেয়ে আদিরার জন্মের কারণে অভিনয় থেকে দূরে ছিলেন ।

দীর্ঘ বিরতির পর ‘হিচকি’ দিয়ে আবারও সিনেমায় ফিরছেন তিনি।

ইন্ডিয়ান এক্সপ্রেস জানায়, সম্প্রতি মুক্তি পেয়েছে ‘হিচকি’র ট্রেইলার। ট্রেইলার উদ্বোধনী অনুষ্ঠানে দীর্ঘদিন পর সিনেমায় অভিনয় প্রসঙ্গে রানি বলেন, “অনেকদিন পর দর্শকের সামনে আসতে পেরে খুবই ভালো লাগছে। সংসার ও সন্তানকে সময় দিতেই অভিনয় থেকে দূরে চলে গিয়েছিলাম। তবে এ নিয়ে আমার কোনো আফসোস নেই।”

তিনি আরও বলেন,“সন্তান জন্মের পর আমার ভেতর অনেক পরিবর্তন এসেছে। মেয়ে আদিরার সঙ্গে অসম্ভব সুন্দর কিছু সময় পার করেছি কয়েক বছর। জানি ভক্তরা আমাকে অনেক মিস করেছে! তাদের জন্য বলতে চাই-কী আর করবো? প্রকৃতিকে তো অস্বীকার করা যাবে না। সন্তানের ভালোর জন্য সব মাকেই ছাড় দিতে হয়। আমিও দিয়েছি।”

‘হিচকি’ সিনেমায় শিক্ষক হওয়া স্বপ্নে বিভোর এক তোতলা নারীর গল্প বলা হয়েছে। নয়না নামের মেয়েটি ‘টুরেট সিনড্রোম’- এ আক্রান্ত। যার কারণে কথা বলতে গেলে তোতলামির সমস্যা হয় তার। এ সমস্যা জয় করে কীভাবে শিক্ষক হিসেবে নিজেকে প্রমাণ করেন নয়না তা নিয়েই এগিয়েছে ‘হিচকি’র গল্প।

 

রানি জানান, শৈশবে নিজেও এ রোগে আক্রান্ত ছিলেন তিনি। এমনকি তার বড় ভাই ও মায়েরও রয়েছে এই সমস্যা।

এর আগে ‘ব্ল্যাক’ সিনেমায় বধির ও বোবা চরিত্রে অনবদ্য অভিনয় করে প্রশংসিত হয়েছিলেন রানি।

আবারও ‘হিচকি’তে এমন বিশেষ চরিত্রে অভিনয় করে সুনাম কুড়াবেন তিনি- এমনটাই আশা ভক্তদের।

২০১৮ সালের ২৩ ফেব্রুয়ারি মুক্তি পাবে সিনেমাটি।