এফ এ সুমনের নতুন গান ‘মন মাঝিরে’
চলতি বছরের মাঝামাঝিতে ঈদ উপলক্ষে শ্রোতাদের জন্য জোড়া অ্যালবাম নিয়ে এসেছিলেন এফ এ সুমন।
বছরজুড়েই অ্যালবামের পাশাপাশি সিঙ্গল ট্র্যাকে গেয়েছেন নতুন গান। বছরের শেষ প্রান্তে এসে তেমনেই আরেকটি নতুন গান নিয়ে এলেন এ জনপ্রিয় সংগীতশিল্পী।
‘মন মাঝিরে, বেঁচেতো আছি রে, শুধু তোরই কারণে’ এমন কথায় নিজের সুর ও সংগীতায়োজনে নতুন গান নিয়ে এলেন এফ এ সুমন। গানটি প্রকাশ করেছে ‘ধ্রুব মিউজিক স্টেশন’। গানটির কথা লিখেছেন সোহাগ ওয়াজিউল্লাহ্।
রাজধানীর কোক স্টুডিওতে নির্মিত হয়েছে গানটির মিউজিক ভিডিও। এটি নির্মাণ করেছেন আবিদ হাসান।
গানটি প্রসঙ্গে এফ এ সুমন বলেন, “অনেক সময় নিয়ে এ গানটি করেছি। আমি যে স্টাইলে কাজ করি এটি তেমনই একটি গান। তবে কথা, সুর ও সংগীতের দিক দিয়ে ভিন্নতা তৈরির চেষ্টা ছিল আমার । আর ভিডিওটি ভক্তদের জন্য চমক হিসেবেই থাকবে।”
ধ্রুব মিউজিক স্টেশনের ইউটিউব চ্যানেলের পাশাপাশি গানটি পাওয়া যাবে রবি ইয়ন্ডার মিউজিক, জিপি মিউজিক এবং বাংলালিংক ভাইব এ।
