২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গানে-কথায় শিল্পী মাহমুদুন্নবী স্মরণে তিন সন্তান

খ্যাতনামা সংগীতশিল্পী মাহমুদুন্নবীর ২৭তম মৃত্যুবার্ষিকী ২০ ডিসেম্বর। অসংখ্য জনপ্রিয় গানের স্রষ্টা এ শিল্পীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে বাংলাভিশনে প্রচারিত হতে যাচ্ছে চ্যানেলটির নিয়মিত অনুষ্ঠান ফোনোলাইভ স্টুডিও কনসার্ট ‘মিউজিক ক্লাব’-এর বিশেষ পর্ব।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Dec 2017, 09:06 PM

Updated : 12 Apr 2022, 12:56 AM

শিল্পী মাহমুদুন্নবী স্মরণে বাংলাভিশনে প্রচারিত হবে বিশেষ অনুষ্ঠান।

এ পর্বে শিল্পী মাহমুদুন্নবীকে গানে-কথায় স্মরণ করবেন তার তিন সন্তান জনপ্রিয় সংগীতশিল্পী ফাহমিদা নবী, সামিনা নবী ও রিদওয়ান নবী পঞ্চম।

এ প্রসঙ্গে মঙ্গলবার গ্লিটজকে সামিনা চৌধুরী বলেন, “খুবই আনন্দ হচ্ছে, তিন ভাই-বোন একসঙ্গে আব্বার স্মরণে গাইতে যাচ্ছি। আব্বার গানগুলো গাইবো। বাংলাভিশনকে ধন্যবাদ এমন একটি আয়োজন করার জন্য। খুবই সম্মানিত বোধ করছি।”

সরাসরি সম্প্রচারিত হবে এই অনুষ্ঠান । দর্শকরা ফোন করে অতিথির সাথে কথা বলার পাশাপাশি গানের অনুরোধও করতে পারবেন।

‘মিউজিক ক্লাব’-এর এই পর্বটি বাংলাভিশনে সম্প্রচারিত হবে আজ রাত ১১টা ২৫মিনিটে। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন নাহিদ আহমেদ বিব।

শিল্পী মাহমুদুন্নবীর গান সংরক্ষণের উদ্যোগ নিয়েছে তার পরিবার। সামিন চৌধুরী বললেন, “আব্বার গানগুলো নিয়ে একটা অ্যালবাম করার কথা আছে। গানগুলো সংরক্ষণের চেষ্টা করে যাচ্ছি। দেখা যাক কতদূর করতে পারি।”

১৯৩৬ সালের ১৬ ডিসেম্বর বর্তমান ভারতের বর্ধমান জেলায় জন্মগ্রহণ করেন মাহমুদুন্নবী।

‘আমি সাত সাগর পাড়ি দিয়ে’, ‘সুরের ভুবনে আমি আজও পথচারী’, ‘গানের খাতায় স্বরলিপি লিখে বল কি হবে’, ‘তুমি যে আমার কবিতা’, ‘তুমি কখন এসে দাঁড়িয়ে আছো আমার অজান্তে’, ‘ও গো মোর মধুমিতা’, ‘সালাম পৃথিবী তোমাকে সালাম’সহ অসংখ্য জনপ্রিয় গানের স্রষ্টা তিনি।

১৯৭৭ সালে এস এম শফি পরিচালিত ‘দ্য রেইন’ চলচ্চিত্রের ‘আমি তো আজ ভুলে গেছি সবই’ গানের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হন এ শিল্পী।

অসংখ্য জনপ্রিয় গানের স্রষ্টা শিল্পী মাহমুদুন্নবী ১৯৯০ সালের ২০ ডিসেম্বর মৃত্যুবরণ করেন ।