চাহিদা না থাকলে প্লেব্যাক করা বন্ধ করে দেব: রাহমান
চলতি বছর সংগীত ক্যারিয়ারের ২৫ বছর পূর্তি করেছেন এ আর রাহমান। সম্প্রতি এক সাক্ষাতকারে প্লেব্যাক এবং তার গাওয়া প্রিয় গান নিয়ে বললেন তিনি।
১৯৯২ সালে মনি রত্নমের ‘রোজা’ সিনেমায় প্লেব্যাকশিল্পী হিসেবে আত্মপ্রকাশ করেন উপমহাদেশের অন্যতম সেরা সংগীত পরিচালক এ আর রাহমান। এরপর থেকেই তার চাহিদা আকাশছোঁয়া।
একের পর এক শ্রোতাদের উপহার দিয়েছেন সাড়াজাগানো সব গান। বিশেষ করে সুফি ও কাওয়ালী গানে রাহমানের জুড়ি মেলা ভার!
সম্প্রতি টাইম অফ ইন্ডিয়ায় প্রকাশিত সাক্ষাতকারে তিনি জানালেন সেরকম পরিস্থিতি সৃষ্টি হলে সিনেমার জন্য আর গান তৈরি করবেন না তিনি ।
সাক্ষাতকারে ৫০ বছর বয়সী এ সংগীত তারকা বলেন, “গান হচ্ছে আত্মার খোরাক। সিনেমায় আমার চাহিদা থাকুক বা না থাকুক গান আমি করি আমার ভেতরের ভালোবাসা থেকে। যখন সিনেমায় আমার গানের আর চাহিদা থাকবে না তখন হয়ত আমি প্লেব্যাক করা বন্ধ করে দেব। কিন্তু গানের প্রতি ভালোবাসা কখনও হারিয়ে যাবে না।”
সংগীতের অন্যান্য শাখার চেয়ে সুফি গান গাইতেই বেশি স্বচ্ছন্দ বোধ করেন রাহমান। তিনি বলেন, “সুফি সংগীত আমার হৃদয়ের অনেক কাছের। এটা আমার কাছে অনেকটা ইবাদতের মতো। আমাকে যখন ‘পিয়া হাজি আলী’ গানটা গাইতে বলা হয়েছিল তখন আমি অনেক খুশি হয়েছিলাম। অনেকেই আমাকে বলেছে এই গান শুনে তারা মানসিক শান্তি লাভ করেছে।”
রাহমানের প্রিয় গানের তালিকায় এরপরই রয়েছে ‘যোধা-আকবর’ সিনেমার ‘খোয়াজা মেরে খোয়াজা’ গানটি।
