সালমানের থেকে ‘মেন্টাল’ নামের মালিকানা চাইবেন কঙ্গনা?
শিগগিরি নতুন একটি থ্রিলার সিনেমায় দেখা যাবে কঙ্গনা রানাউতকে। শুটিং শুরুর আগেই এ সিনেমার নাম নিয়ে সংকটে পড়েছেন প্রযোজক শৈলেশ আর সিং।
ইন্ডিয়ান এক্সপ্রেস জানায়, ‘মণিকর্ণিকা: দ্য কুইন অফ ঝাঁসি’র শুটিঙের কাজ প্রায় গুছিয়ে নিয়েছেন কঙ্গনা রানাউত। সামনেই শুরু করবেন তার নতুন থ্রিলার সিনেমার কাজ। শৈলেশ আর সিং প্রযোজিত এ সিনেমার জন্য ‘মেন্টাল’ নামটা খুবই পছন্দ কঙ্গনা ও শৈলেশ দুজনেরই। কিন্তু বিপত্তিটা বেঁধেছে অন্যখানে!
চলতি বছর মুক্তি পায় সালমান খানের ‘টিউবলাইট’। তার প্রযোজনা প্রতিষ্ঠান ‘সালমান খান ফিল্মস’ (এসকেএফ)-এর ব্যানারে মুক্তিপ্রাপ্ত এ সিনেমার নাম প্রথমে ঠিক করা হয়েছিল ‘মেন্টাল’। পরে যদিও নাম পাল্টে ‘টিউবলাইট’ রাখা হয়। কিন্তু ‘মেন্টাল’ নামের কপিরাইট যে রয়ে গেছে ‘সালমান খান ফিল্মস’ (এসকেএফ)-এর দখলে!
সালমান খানের কাছ থেকে ‘মেন্টাল’ নামের মালিকানা চাইবেন বলিউডের সাহসী অভিনেত্রী কঙ্গনা- প্রাথমকিভাবে এমনটা শোনা গেলেও পরবর্তীতে কঙ্গনার এক ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, সিনেমার নাম নিয়ে প্রযোজক ও নির্মাতা এরই মধ্যে তাদের কাজ শুরু করেছেন। এসবের মধ্যে নিজেকে হয়তো জড়াবেন না ‘কুইন’ অভিনেত্রী।
২০১৮ সালের ২৭ এপ্রিল মুক্তি পাবে কঙ্গনার ইতিহাস নির্ভর সিনেমা ‘মণিকর্ণিকা: দ্য কুইন অফ ঝাঁসি’। এতে ঝাঁসির রানি লক্ষ্মীবাঈ চরিত্রে দেখা যাবে তাকে।
