দেশ পরিচ্ছন্ন রাখার আহ্বান ‘চিরকুট’-এর নতুন গানে
বিজয় দিবস উপলক্ষে জনপ্রিয় ব্যান্ডদল চিরকুট গাইলো জনসচেতনতামূলক নতুন একটি গান।
পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে জনসচেতনতা তৈরিতে ‘ডেটল-চ্যানেল আই পরিচ্ছন্ন বাংলাদেশ’ ক্যাম্পেইনের থিম সং গাইলো ব্যান্ডদল চিরকুট।
‘মন সুন্দর যার, সেই রাখে দেশ পরিষ্কার’- গানটি গেয়েছে দেশের জনপ্রিয় ব্যান্ড চিরকুট। সোমবার গানটি প্রকাশ পাবে চিরকুট ব্যান্ডের ফেইসবুক পেইজে।
গানটি প্রসঙ্গে চিরকুট ব্যান্ড-এর সুমি বলেন, “বাংলা গান নিয়ে দেশের জন্য কিছু করা গৌরবের ব্যাপার। সেই কাজটা সব সময় আমরা আনন্দের সাথে করার চেষ্টা করে থাকি। প্রিয় মাতৃভূমিকে সুন্দর ও পরিচ্ছন্ন রাখার আহ্বানে গান গাইতে পেরে খুবই আনন্দিত ও অনুপ্রাণিত আমরা। আশা করছি, এই গান শুনে সবাই দেশ পরিষ্কার রাখতে উদ্বুদ্ধ হবে এবং গানটি সবার হৃদয়ে জায়গা করে নেবে।”
দেশের সর্বস্তরের মানুষকে সুস্বাস্থ্য এবং পরিচ্ছন্নতার ব্যাপারে সচেতন করতে চলতি বছর ফেব্রুয়ারিতে শুরু হয়েছে ‘ডেটল-চ্যানেল আই পরিচ্ছন্ন বাংলাদেশ’ ক্যাম্পেইন।
দেশের মানুষকে পরিচ্ছন্নতার বিষয়ে সচেতন করতে ডেটল এবং বেসরকারি টেলিভিশন চ্যানেল আই এই ক্যাম্পেইনটি আয়োজন করেছে।
এই ক্যাম্পেইনের লক্ষ্য- গণমাধ্যম এবং সামাজিক যোগাযোগের মাধ্যমে প্রতি বছর অন্তত আট কোটি মানুষকে স্বাস্থ্য ও পরিচ্ছন্নতা বিষয়ে সচেতন করা।
সোমবার চিরকুট ব্যান্ড ‘উধাও’ সিডি লঞ্চিং কনসার্ট করতে যাচ্ছে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে।
