২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মঞ্চে স্বপ্নদলের ‘হেলেন কেলার’

বাংলাদেশ শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে শুক্রবার সন্ধ্যা ৭টায় মঞ্চস্থ হবে স্বপ্নদলের সাম্প্রতিক প্রযোজনা ‘হেলেন কেলার’।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Dec 2017, 06:27 PM

Updated : 12 Apr 2022, 12:52 AM

‘বিশ্বের বিস্ময়’ মহিয়সী নারী হেলেন কেলারের জীবন-কর্ম-স্বপ্ন-সংগ্রাম-দর্শনভিত্তিক স্বপ্নদলের মনোড্রামাটি রচনা করেছেন অপূর্ব কুমার কুন্ডু এবং নির্দেশনা দিয়েছেন জাহিদ রিপন। অভিনয় করেছেন জুয়েনা শবনম এবং প্রযোজনা-ব্যবস্থাপক হিসেবে দায়িত্ব পালন করেছেন শাখাওয়াত শ্যামল।

শিক্ষয়িত্রী অ্যান সালিভানের অতি মানবিক প্রেরণা আর অন্ধ ও বধির হওয়া সত্ত্বেও প্রবল আত্মবিশ্বাসী হেলেন কেলারের সকল নেতিবাচকতার বিরুদ্ধে ঘুরে দাঁড়ানোর কাহিনি।

চার্লি চ্যাপলিন-মার্ক টোয়েন-কেনেডি-আইনস্টাইন প্রমুখ বিশ্ববিখ্যাত ব্যক্তিত্বদের সান্নিধ্যে তার জীবনের সমৃদ্ধির কথা প্রযোজনাতে প্রকাশিত হয় হেলেন কেলারের নিজ শিক্ষয়িত্রী আ্যানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশের ভাষ্যে ।

উন্মোচিত হয় পাশ্চাত্যের হেলেন কেলারের জীবনে প্রাচ্যের রবীন্দ্রনাথ ঠাকুর তথা রবীন্দ্রদর্শনের প্রবল প্রভাবের প্রকৃত-স্বরূপ!

উঠে আসে নারীজাগরণ-মানবতাবাদের পক্ষে এবং যুদ্ধ-ধ্বংস-সহিংসতা-বর্ণবাদ তথা আণবিক অস্ত্রের বিরুদ্ধে তার স্পষ্ট অবস্থানের কথা।

পাশাপাশি উচ্চকিত হয় ব্যক্তিজীবনের নানা পূর্ণতা-অপূর্ণতার প্রসঙ্গও।

অজস্র প্রতিকূলতার বিরুদ্ধে লড়াই করে প্রকাশিত ও বিকশিত হয়ে মানবকল্যাণে নিবেদিত হতে পারাটাই হয়তো জীবনের চূড়ান্ত সার্থকতা ।

এ উচ্চাঙ্গের অনুভবটিই শেষাবধি প্রধান হয়ে ওঠে হেলেন কেলারের জীবনীনির্ভর এবং গবেষণা পদ্ধতিতে নির্মিত ঐতিহ্যের ধারায় আধুনিক বাঙলা নাট্যরীতির এ প্রযোজনায়।