‘রূপালি পর্দা ও মঞ্চ দুই জায়গাতেই শশী কাপুর ছিলেন অনন্য’
সোমবার বিকাল ৫টা ২০ মিনিটে পৃথিবী ছেড়ে চলে গেলেন সত্তর ও আশির দশকের সাড়া জাগানো ভারতীয় অভিনেতা শশী কাপুর। তার মৃত্যুতে সামাজিক যোগাযোগ মাধ্যম জুড়ে নেমেছে শোকের ছায়া।
রোববার রাতে মুম্বাইয়ের কোকিলাবেন আম্বানি হাসপাতালে ভর্তি করা হয় ‘বেনজির’ অভিনেতা শশী কাপুরকে। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
২০১৪ সালে বাইপাস সার্জারির পর থেকেই বক্ষ সংক্রমণজনিত রোগে ভুগছিলেন তিনি। এ রোগের কারণেই মৃত্যু হয়েছে এ খ্যাতিমান অভিনেতার বলে নিশ্চিত করেছেন কতর্ব্যরত চিকিৎসক।
টুইটারে সদ্যপ্রয়াত অভিনেতাকে উদ্দেশ্য করে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, “রূপালি পর্দা ও মঞ্চ দুই জায়গাতেই শশী কাপুর ছিলেন অনন্য। তার অসাধারণ অভিনয় প্রজন্মের পর প্রজন্ম ধরে মনে রাখবে সবাই। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছি। তার পরিবার ও ভক্তদের জন্য রইলো সমবেদনা।”
শশী কাপুরকে গভীর শ্রদ্ধায় স্মরণ করেছেন করা হয়েছে ভারতের রাষ্ট্রপতি ভবনের পক্ষ থেকে।
পরিচালক মহেশ ভাট লিখেছেন, “যেন মুম্বাইয়ের আকাশ ভেঙে নেমে এলো শোকের অশ্রু। শশী কাপুরকে হৃদয়ের গভীর থেকে জানাই শ্রদ্ধা ও কৃতজ্ঞতা। স্যার, আপনাকে ধন্যবাদ। আপনার রেখে যাওয়া কাজ আমাদের মন ছুঁয়ে গেছে।”
পরিচালক করণ জোহর লিখেছেন, “ভারতীয় সিনেমার সুদর্শন নায়কের মহাপ্রয়াণে জানাই গভীর শ্রদ্ধা। মঞ্চ ও সিনেমায় সমান জনপ্রিয় এ অভিনেতা আমাদের ছেড়ে চলে গেছেন কিন্তু রেখে গেছেন তার স্মৃতি। তার পরিবার ও ঘনিষ্ঠজনদের জন্য প্রার্থনা ও সমবেদনা রইলো।”
প্রিয় অভিনেতাকে স্মরণ করে একটি সুন্দর ছবি প্রকাশ করেছেন শাবানা আজমি। ক্যাপশনে লিখেছেন, “আপনাকে মনে রাখবো সব সময়।”
