২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘হত্যার হুমকিতে’ দীপিকার পাশে গোটা বলিউড, নেই কঙ্গনা

‘পদ্মাবতী’ বিতর্কে উগ্রপন্থীদের হত্যার হুমকি পাওয়া বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের নিরাপত্তার জন্য পাঠানো পিটিশনে সই করেননি কঙ্গনা রানাউত।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Dec 2017, 06:42 PM

Updated : 12 Apr 2022, 12:50 AM

অভিনয় ক্যারিয়ারে দু’জনই সমসাময়িক। একে অপরের প্রতিদ্বন্দীও বটে। তবুও এ দুঃসময়ে সব ভুলে সহকর্মী দীপিকার পাশে দাঁড়াবেন কঙ্গনা। এমনটাই আশা করেছিলেন সবাই।

কিন্তু সম্প্রতি ‘পদ্মাবতী’ বিতর্কে ভারতের উগ্রপন্থী ধর্মীয় সংগঠন শ্রী করনি সেনাদলের হত্যার হুমকি পাওয়া দীপিকাকে রক্ষায় আয়োজিত পিটিশনে শাবানা আজমি, প্রিয়াঙ্কা্ চোপড়া ও আালিয়া ভাটের মতো অভিনেত্রীরা সই করলেও করেননি ‘কুইন’ অভিনেত্রী কঙ্গনা রানাউত।

ইন্ডিয়ান এক্সপ্রেস জানায়, জাতীয় পুরস্কারজয়ী দীপিকা পাড়ুকোনের নিরাপত্তার দাবীতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দৃষ্টি আকর্ষণ করে পিটিশন আহ্বান করেছেন অভিনেত্রী শাবানা আজমি।

এতে বলিউডের নামী দামী প্রায় সকল অভিনেতা-অভিনেত্রী স্বাক্ষর করলেও, এ তালিকায় নাম নেই কঙ্গনা রানাউতের।

ঠিক কী কারণে এ আবেদনপত্রে স্বাক্ষর করেননি কঙ্গনা তা নিশ্চিত জানা না গেলেও এক অপরের প্রতিদ্বন্দী কঙ্গনা ও দীপিকার মধ্যেকার ‘প্রফেশনাল জেলাসি’ই প্রধান কারণ বলে ধারণা করা হচ্ছে।

২০১৪ সালের সেরা ‘হ্যাপি নিউ ইয়ার’ ছবির জন্য সেরা অভিনেত্রীর পুরস্কারজয়ী দীপিকা তার পুরস্কারটি উৎসর্গ করেন কঙ্গনাকে। একই বছর ‘কুইন’ সিনেমার জন্য সেরা অভিনেত্রীর বিভাগে লড়েছিলেন কঙ্গনা।

দীপিকার এ আচরণে মনঃক্ষুন্ন হয়েছিলেন কঙ্গনা। সাংবাদিকদের তিনি বলেছিলেন, পুরস্কার উৎসর্গ না করে তার অভিনয়ের প্রশংসা করলেই বরং বেশি খুশি হতে তিনি। এমনকি দীপিকাকে কখনই ভালো বন্ধু মনে করেন না বলেও বিভিন্ন সাক্ষাতকারে জানিয়েছেন এ স্পষ্টভাষী অভিনেত্রী।

ঐতিহাসিক সিনেমা ‘পদ্মাবতী’র জন্য উগ্রবাদী ধর্মীয় দলের হাতে লাঞ্ছিত হয়েছেন পরিচালক সঞ্জয় লীলা বনসালি।

ইতিহাস বিকৃতি ও রানি পদ্মিণীকে আপত্তিকরভাবে উপস্থাপনের অভিযোগে ভারতজুড়ে সিনেমাটি নিষিদ্ধের দাবী তুলেছে জয়পুর করনি সেনাদল। এতে রানি পদ্মিণীর চরিত্রাভিনেত্রী দীপিকা পাড়ুকোনের নাক কেটে নেওয়ার হুমকি দিয়েছে তারা।

এমনকি দীপিকার মাথার জন্য মূল্যও ঘোষণা করেছেন এক রাজনৈতিক দলের নেতা।