যুদ্ধশিশুর বেদনা নিয়ে বিজয়ের মাসে ‘জন্মসাথী’
৮ডিসেম্বর বিকেল ৪টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির উদ্যোগে জাতীয় চিত্রশালা অডিটোরিয়ামে প্রামান্যচিত্র ‘জন্মসাথী’র বিশেষ প্রদর্শনী হবে বলে নিশ্চিত করেছেন নির্মাতা শবনম ফেরদৌসী।
গ্লিটজকে তিনি বলেন, “শুধু শিল্পকলা একাডেমিই নয়, জাদুঘর মিলনায়তনেও খুব শিগগিরই আরেকটি প্রদর্শনী হতে যাচ্ছে। এছাড়া ঢাকার বাইরেও বেশ কয়েকটি জেলায় প্রামান্যচিত্রটি প্রদর্শিত হবে।”
১৯৭১ সালের মুক্তিযুদ্ধের একটি অনালোকিত অধ্যায় যুদ্ধশিশু। দেশ স্বাধীন হওয়ার পর যাদের নীরবে দেশের বাইরে পাঠিয়ে দেওয়া হয়, জন্মপরিচয় গোপন রেখে যাদের অনেকেই বেড়ে ওঠেন এদেশেই।
নিজভূমে আত্মপরিচয় সংকটে জীবনযাপন করা এইসব মানুষের সন্ধানে নেমেছিলেন প্রামান্যচিত্র নির্মাতা শবনম ফেরদৌসী।
তিনজন যুদ্ধশিশুকে খুঁজে বের করে তাদের পরিণত বয়সের মুখ থেকে শুনেছেন যুদ্ধের আরেক পরিণতির গল্প। সে গল্পই তুলে এনেছেন তার নতুন প্রামান্যচিত্র ‘জন্মসাথী’তে।
প্রামাণ্যচিত্রটির দেশব্যাপী প্রদর্শনীর ব্যাপারে সরকারের দৃষ্টি আকর্ষণ করেছেন নির্মাতা।
তিনি বলেন, “নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের ইতিহাস জানাতে হলে তা পুরোপুরিই জানাতে হবে, আংশিক নয়। সে জায়গা থেকে প্রামাণ্যচিত্রটি সারাদেশে প্রদর্শনের ব্যাপারে সরকার উদ্যোগ নেবে এমনটাই আশা করি।”
এদিকে, প্রামাণ্য অনুসন্ধানে পাওয়া তিনজন যুদ্ধশিশুদের প্রতি সরকারি কোনো সম্মান বা সহযোগিতা কোনোটাই এখনও জোটেনি বলে জানিয়েছেন এ নির্মাতা।
তিনি বলেন, “যুদ্ধশিশু সুধীরের মা বীরাঙ্গনা টেপরি বর্মণের শারীরিক অবস্থা খুব ভালো নয়। প্রায় বছর দুয়েক হলো মুক্তিযোদ্ধাদের তালিকায় তার নাম গেজেটে প্রকাশিত হলেও এখনও তিনি কোনো সহযোগিতা পাননি।
যুদ্ধশিশু সামসুন্নাহারও মানবেতর জীবন যাপন করছে। প্রামাণ্যচিত্রটি প্রদর্শনের পর কিছু কিছু ব্যক্তিগত সাহায্য তারা পেয়েছে।”
২০১৬ সালের মার্চে প্রামাণ্যচিত্র ‘জন্মসাথী’র প্রথম প্রদর্শনী অনুষ্ঠিত হয়। এরপর বিভাগীয় শহরগুলোতেও প্রদর্শন হয় এটি। নির্মাতা শবনম ফেরদৌসী বর্তমানে নির্মাণ করছেন সরকারী অনুদানের চলচ্চিত্র ‘আজব সুন্দর’।
