শেষ হলো সার্ক নৃত্য উৎসব
রবিবার সন্ধ্যায় শেষ হলো ৪ দিনব্যাপী সার্ক নৃত্য উৎসব ২০১৭। বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ও সার্ক কালচারাল সেন্টার এর পৃষ্ঠপোষকতায় গত ৩০ নভেম্বর শুরু হয় সার্ক ঐতিহ্যবাহী নৃত্য উৎসব ২০১৭।
নাচের তালে টানা ৪দিন মেতেছিল রাজধানীর সেগুনবাগিচার শিল্পকলা একাডেমি প্রাঙ্গণ। সার্কভুক্ত পাঁচ দেশ বাংলাদেশ, ভারত, ভুটান, মালদ্বীপ ও শ্রীলংকার ঐতিহ্যবাহী নৃত্য পরিবেশনায় মুগ্ধ হন আগত দর্শকরা।
আয়োজনে প্রতিদিনের ধারাবাহিকতায় রবিবার বিকেলে বাংলাদেশ শিল্পকলা একাডেমির উম্মুক্ত প্রাঙ্গণে অরুণ তালুকদারের পরিচালনায় সুনামগঞ্জের শাহ আব্দুল করিমের ঐতিহ্যবাহী গান ও ধামাইল নৃত্য পরিবেশিত হয়।
সন্ধ্যায় জাতীয় নাট্যশালা মিলনায়তনে সমাপনী আলোচনা শেষে সাংস্কৃতিক পর্বে ইয়াসমিন আলীর সংগীত পরিচালনায় এবং সৈয়দা শায়লা আহমেদ এর নৃত্য পরিচালনায় সার্কভুক্ত দেশগুলো নিয়ে বিশেষ সমবেত সংগীত ও নৃত্য অনুষ্ঠিত হয়।
তাকডুম তাকডুম বাজে গানের কথায় দীপা খন্দকারের পরিচালনায় অনুষ্ঠিত হয় সমবেত নৃত্য । লুবনা মরিয়মের নির্দেশনায় সুইটি দাস চৌধুরী শৈল্পিক-এর নৃত্য পরিচালনায় ধ্রুমেলের পরিবেশনায় রাস নৃত্য এবং পুং চলম, র্যাচেল এ্যাগনেস প্যারিস প্রিয়াংকার পরিবেশনায় পুতনাবধ গৌড়ীয় নৃত্য, কমল খালিদের পরিচালনায় ঢাক-ঢোল-বাঁশী বাদন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সার্কভুক্ত দেশগুলোর অংশগ্রহণে পৃথক সমবেত নৃত্য পরিবেশিত হয়।
শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে সমাপনী অনুষ্ঠানে আলোচনা পর্বে লিয়াকত আলী লাকী’র সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর, এমপি এবং সার্ক কালচারাল সেন্টারের পরিচালক ওয়াসানথে কতুওয়েল্লা।
এর আগে ১ ও ২ ডিসেম্বর প্রতিদিন সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত জাতীয় নাট্যশালার সেমিনার কক্ষে বিশেষ নৃত্য কর্মশালা অনুষ্ঠিত হয়। সার্ক ঐতিহ্যবাহী নৃত্য কর্মশালার মুখ্য সমন্বয়ের দায়িত্ব পালন করেন বিশিষ্ট নৃত্যশিল্পী তামান্না রহমান।
সার্ক নৃত্য উৎসবের পাশাপাশি শিল্পকলায় সার্ক হস্তশিল্পকর্ম প্রদর্শনী ও কর্মশালা অনুষ্ঠিত হয়।
