২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

থেরাপি নেওয়ার পর প্রথম স্ত্রীকে স্মরণ করলেন ব্র্যাড পিট

ব্র্যাড পিট ও অ্যাঞ্জেলিনা জোলির নয় বছরের সম্পর্কের ভাঙন তোলপাড় করেছিলো গোটা মিডিয়া পাড়া। এ জুটির ভাঙনের ভেতরকার খবর গণমাধ্যমে সম্পূর্ণরূপে না এলেও সম্প্রতি ব্র্যাড পিটের এক ঘনিষ্ঠ সূত্র ফাঁস করেছেন চমকপ্রদ এক তথ্য!

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Dec 2017, 09:56 PM

Updated : 12 Apr 2022, 12:50 AM

২০১৬ সালে সেপ্টেম্বরে আদালতে বিবাহ বিচ্ছেদ চেয়ে আবেদন করেন অ্যাঞ্জেলিনা জোলি। সে সময় সন্তানদের সঙ্গে পিটের দুর্ব্যবহারকেই এ বিচ্ছেদের কারণ হিসেবে দায়ী করেছিলেন ‘ম্যালিফিসেন্ট’ অভিনেত্রী। তবে সময়ের সঙ্গে সঙ্গে জল গড়িয়েছে অনেক দূর।

গণমাধ্যমের প্রতিবেদনে উঠে আসে তাদের দুজনেরই বিবাহ-বহির্ভূত সম্পর্কের খবর। তবে এসব খবরের কোনোটিই সম্পূর্ণভাবে প্রমাণিত হয়নি। কাজেই তাদের দীর্ঘদিনের সম্পর্কের ভাঙন নিয়ে আজও কৌতুহলী ভক্তরা।

সম্প্রতি সেলিব্রেটি ইনসাইডার-এর একটি প্রতিবেদন জানায়, ব্যাড পিটের প্রথম স্ত্রী জেনিফার অ্যানিস্টোনের সঙ্গে বিচ্ছেদের বিরূপ প্রভাব ছিলো ‘ব্র্যাঞ্জেলিনা’র সংসারে। জেনিফারের সঙ্গে বিবাহিত  অবস্থাতেই জোলির সঙ্গে প্রেমে জড়িয়েছিলেন পিট।

সম্প্রতি সাইকো-থেরাপি নেওয়ার পর কাছের এক বন্ধুকে এ নিয়ে অনুতাপ করেছেন ‘অ্যালাইড’ অভিনেতা।

ঘনিষ্ঠ বন্ধুকে ব্যাড পিট জানিয়েছে, প্রথম স্ত্রী জেনিফার অ্যানিস্টোনের কাছে ক্ষমাপ্রার্থী তিনি। সম্ভব হলে তার সঙ্গে নাকি কথাও বলতে চান তিনি! তবে জেনিফারের বর্তমান সংসারে ভাঙন তৈরি হোক এমন কিছুই করবেন না তিনি।

২০০০ সালে টিভি অভিনেত্রী জেনিফার অ্যানিস্টোনকে বিয়ে করেন হলিউড অভিনেতা ব্র্যাড পিট। ২০০৫ সালে ‘মিস্টার অ্যান্ড মিসেস স্মিথ’ ছবির শুটিং সেটে সহঅভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলির সঙ্গে সম্পর্কে জড়ান পিট। সে বছরই জেনিফারকে ডিভোর্স দেন তিনি।

২০১৪ সালের বিয়ে পিঁড়িতে বসেন ‘ব্র্যাঞ্জেলিনা’ জুটি। অন্যদিকে ২০১৫ সালে অভিনেতা জাস্টিন থেরক্সকে বিয়ে করেন জেনিফার অ্যানিস্টোন।

দীর্ঘ নয় বছরের সম্পর্কে ব্র্যাড পিট ও অ্যাঞ্জলিনা জোলির ঘরে রয়েছে তাদের ছয় সন্তান ম্যাডক্স(১৬), প্যাক্স(১৩), জাহারা(১২), শিলোহ(১১) এবং জমজ সন্তান ভিভিয়ান ও নক্স (৯)।